অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিলে গত শুক্রবার রাতে যৌতুক না পেয়ে স্বামী ও শাশুড়ি মিলে অন্তঃসত্ত্বা একজন গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামীকে আটক করেছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের ভাষ্য অনুযায়ী, চার বছর আগে উপজেলার পরকোট গ্রামের আলমগীর হোসেনের (২৭) সঙ্গে রামদেবপুর গ্রামের পপি আক্তারের (২২) বিয়ে হয়। বিয়ের পর আলমগীর ব্যবসার কথা বলে শ্বশুরবাড়ি থেকে তিন লাখ ৬৭ হাজার টাকা নেন। এ টাকা নেশা করে ও জুয়াখেলে শেষ করেন তিনি। সর্বশেষ গত বৃহস্পতিবার পপিকে বাড়ি থেকে আরও ৩০ হাজার টাকা এনে দেওয়ার চাপ দেওয়া হয়। পপি সেই দিনই সাত হাজার টাকা এনে দেন। পুরো টাকা না পেয়ে পপিকে আলমগীর গালাগাল করেন। পরদিন সকালে স্বামী ও শাশুড়ি রিনা বেগম পপিকে এলোপাতাড়ি কিল, ঘুষি মেরে ও পিটিয়ে গুরুতর আহত করেন। এরপর পপির মুখে বিষ ঢেলে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে প্রচার করা হয়। মুমূর্ষু অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পপিকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী নজরুল ইসলাম বলেন, হাসপাতালে আনার কয়েক মিনিটের মধ্যেই পপি মারা যান। তাঁর মৃত্যু ‘রহস্যজনক’ মনে হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ হাসপাতালে এসে স্বামী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। পপি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় পপির বড় বোন ফাতেমা আক্তার চাটখিল থানায় একটি হত্যা মামলা করেছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাওহিদুল ইসলাম বলেন, আলমগীর যৌতুকের জন্য প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন। এ নিয়ে একাধিকবার সালিসও হয়েছে। ফাতেমা বলেন, মৃত্যুর দেড় ঘণ্টা আগে পপি টেলিফোন করে তাঁকে জানিয়েছেন, টাকার জন্য স্বামী ও শাশুড়ি তাঁকে মারধর করছেন। চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) মহসিন সরকার বলেন, পপির মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।