অন্তঃসত্ত্বা গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ
সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় তাঁকে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক করেছে।নীলফামারীর সৈয়দপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ডের মিস্ত্রিপাড়া মহল্লায় গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।ভুক্তভোগীর পরিবারের ভাষ্য-মতে, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চাকলারহাট গ্রামের মুরছালিন বেগমের (২৫) সঙ্গে দেড় বছর আগে সৈয়দপুরের মিস্ত্রিপাড়া মহল্লার মো. সবুজের (২৮) বিয়ে হয়। কিন্তু ছয় মাস যেতে না যেতেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। একপর্যায়ে স্বামী ও শাশুড়ি মিলে মুরছালিন বেগমের ওপর নির্যাতন চালানো শুরু করেন। তিন মাস আগে তাঁকে একবার বিবস্ত্র অবস্থায় বাড়ি থেকে বের করেও দেওয়া হয়।নির্যাতিত গৃহবধূর ভাষ্যমতে, গতকাল বিকেলে স্বামী সবুজ ও শাশুড়ি তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। তাঁর চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। তিনি বলেন, স্বামী ও শাশুড়ি তাঁকে হত্যার উদ্দেশ্যে শরীরে আগুন জ্বালিয়ে দেন।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সিরাজুল ইসলাম জানান, রোগীর অবস্থা সংকটাপন্ন। আগুনে তাঁর দেহের ২৫ শতাংশ পুড়ে গেছে।সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শহরের রাবেয়া মোড় থেকে সবুজকে আটক করে। ঘটনার পরপরই গৃহবধূর শাশুড়ি গা-ঢাকা দেন। তিনি আরও জানান, ঘটনাটি রহস্যজনক। বিষয়টি তাঁরা তদন্ত করে দেখছেন। গৃহবধূর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা এলে মামলা লিপিবদ্ধ করা হবে। সবুজ শহরের শহীদ ডা. শামসুল হক সড়কে অবস্থিত রওশন টেইলার্সের স্বত্বাধিকারী।থানায় সবুজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনার সময় বাসায় ছিলাম না। মুরছালিন নিজে গায়ে আগুন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছে।’