অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২
জয়পুরহাটে গতকাল বুধবার রেখা বানু (২০) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা আফাজ উদ্দিন মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রেখার সতিন ও সিতনের এক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌরসভার মুসলিম নগর এলাকার ভাড়া বাড়িতে থাকতেন রেখা বানু। গতকাল সকাল ১০টার দিকে রেখার সিতন রওশন আরা, তাঁর দুই ছেলে রনি আহম্মেদ ও সনি হোসেন মুসলিম নগরের ওই বাসায় হামলা করেন। এ সময় রেখা ভয়ে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। তাঁরা সেখানে গিয়ে তাঁকে বঁটি ও চাকু দিয়ে আঘাত করেন। রেখার চিৎকার শুনে স্থানীয় কয়েকজন নারী এগিয়ে আসেন। এ সময় ওই নারীদের ধারালো অস্ত্রের ভয় দেখান তাঁরা। ওই নারীরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে রওশন আরা ও সনিকে আটক করেন। এ সময় রনি পালিয়ে যান। পরে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ এসে রওশন আরা ও সনিকে থানায় নিয়ে যায়।
বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন রেখাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোয়া ১১টার দিকে তিনি মারা যান।
রেখার বড় বোন পান্না বেগম জানান, এক বছর আগে শহরের সবুজ নগর এলাকার ব্যবসায়ী আজিজুল ইসলামের সঙ্গে রেখার বিয়ে হয়। রেখা চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁদের বাবার বাড়ি সদর উপজেলার ভাদসা ইউনিয়নের এরশাদ গুচ্ছগ্রামে। আজিজুল বড় বউ ও ওই পক্ষের ছেলেমেয়েদের পৌর এলাকার পাঁচুরচক মণ্ডলপাড়া গ্রামের বাড়িতে রেখে রেখাকে নিয়ে মুসলিম নগরে ভাড়া থাকতেন।
এ ব্যাপারে কথা বলতে আজিজুলের বাড়ি গিয়েও তাঁকে পাওয়া যায়নি।
জয়পুরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান জানান, রেখার গলায় ও ডান হাতে গুরুতর জখম ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
জয়পুরহাট সদর থানার ওসি আবদুর রশীদ সরকার জানান, আজিজুল এক বছর আগে রেখাকে বিয়ে করায় প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানেরা ক্ষুব্ধ ছিলেন। ময়নাতদন্ত শেষে রেখার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেখার বাবা আফাজ উদ্দিন বাদী হয়ে গতকাল চারজনকে আসামি করে মামলা করেছেন।