অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার ঘোনা গ্রাম থেকে গতকাল শুক্রবার সকালে সোনিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।সদর থানার উপপরিদর্শক (এসআই) রহমত আলী বলেন, ওই গৃহবধূ তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।পুলিশ ও গৃহবধূর পারিবারিক সূত্র জানায়, প্রায় চার বছর আগে ঘোনা গ্রামের আদম আলীর ছেলে সাইফুল ইসলামের সঙ্গে একই উপজেলার শাইট্টা গ্রামের মৃত চান মীরের মেয়ে সোনিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে টাকাপয়সা এনে দেওয়ার জন্য সোনিয়ার ওপর নির্যাতন চালাতেন সাইফুল। শ্বশুরবাড়ির লোকজন গতকাল সকালে ঘরের বারান্দার একটি কক্ষে সোনিয়ার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে বেলা সাড়ে ১০টার দিকে পুলিশ শ্বশুরবাড়ি থেকে সোনিয়ার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।সোনিয়ার ছোট বোন সাথীয়া আক্তার জানায়, সাইফুলের জুয়াখেলার অভ্যাস ছিল। জুয়ার টাকা জোগাতে তিনি প্রায়ই সোনিয়াকে টাকার জন্য চাপ দিতেন। বাবার বাড়ির সাত শতক জমি বিক্রি করে সোনিয়া প্রায় দুই লাখ টাকা নিয়ে সাইফুলকে দেন। এরপর আরও টাকার জন্য সোনিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন সাইফুল। এতে সোনিয়া আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। ঘটনার পর থেকে সাইফুল পলাতক রয়েছেন। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। তবে তাঁর বাবা আদম আলী বলেন, কী কারণে সোনিয়া আত্মহত্যা করেছেন, তা তাঁদের জানা নেই।