অন্তঃসত্ত্বা নারীসহ ৩৭ শ্রমিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর আগে প্রসবের সময় মারা যান মনোয়ারা বেগমের (২০) প্রথম সন্তান। তিনি এখন আবার ছয় মাসের অন্তঃসত্ত্বা। এই অবস্থায় গতকাল বুধবার সকালে এই পোশাকশ্রমিক কর্মস্থলে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েন। আবারও শঙ্কা পেয়ে বসে তাঁকে। অবশেষে পরীক্ষা-নিরীক্ষার পর গতকাল সন্ধ্যায় তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক।

গতকাল বুধবার সকাল সোয়া আটটায় চট্টগ্রাম কক্সবাজার সড়কের পটিয়ার ভেল্লাপাড়া সেতুর কাছে পোশাক কারখানা কোহিনুর অ্যাপারেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০ ফুট নিচের খাদে পড়ে গেলে ৩৭ জন শ্রমিক আহন হন। যাঁদের ২৪ জনই নারী। শ্রমিকদের সবাইকে দুর্ঘটনার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়। তবে তিনজন শ্রমিক ছাড়া বাকিদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

আহতদের মধ্যে মনোয়ারাসহ দুই অন্তঃসত্ত্বা শ্রমিকও ছিলেন। তাঁদের আলট্রাসনোগ্রাফি সম্পন্ন হয়েছে বলে জানান চমেক রেডিওলজি ও ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক সুবাস মজুমদার। তিনি বলেন, আলট্রাসনোগ্রাফিতে খারাপ কিছু পাওয়া যায়নি বলেই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যাওয়া মনোয়ারা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার প্রথম সন্তান জন্মের সময় মারা গেছে। দুর্ঘটনার কারণে আমি পা ও মাথায় ব্যথা পাই। ভয়ে ছিলাম অনাগত সন্তানের কিছু হয়েছে কিনা। এখনো ভয় কাটেনি। এক মাস পর চিকিৎসক আবার পরীক্ষা-নিরীক্ষা করাতে বলেছেন।’

মনোয়ারার মতো চার মাসের অন্তঃসত্ত্বা নুরজাহান বেগমও (২৫) একই দুর্ঘটনায় আহত হন। তিনিও আপাতত শঙ্কামুক্ত। তাই বাসায় ফিরেছেন। তবে অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রয়েছেন তিনিও।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির কর্তব্যরত পুলিশ উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, আহত ৩৭ জনকে ভর্তি করা হলেও সন্ধ্যা নাগাদ চার-পাঁচজনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়।

চমেক হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক বিপ্লব মজুমদার বলেন, দুর্ঘটনায় শ্রমিকদের কেউ হাতে, কেউ কোমরে আর কেউ পায়ে ব্যথা পেয়েছেন। তবে আঘাত গুরুতর নয়।

আহত শ্রমিকদের মধ্যে বিলকিস (২৫) ও মৌসুমী (১৮) নিউরোসার্জারি বিভাগে এবং সালমা (২৫) অর্থোপেডিক বিভাগে ভর্তি রয়েছেন। তাঁদের আঘাত গুরুতর বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা।

ঘটনার বর্ণনা দিয়ে আহত শ্রমিক রেহেনা বেগম বলেন, ‘আমাদের বাস ছিল দ্বিতীয় নম্বরে। বাসটি ভেল্লাপাড়া সেতু অতিক্রম করে পাশের খাদে পড়ে যায়। পড়ার আগে একবার ডিগবাজি খায়।’

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক এ বি এম মিজানুর রহমান বলেন, ‘বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আমরা এটি উদ্ধারের চেষ্টা করছি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।’