অন্তঃসত্ত্বা প্রতিবন্ধীর মৃত্যু নিয়ে রহস্য
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার দুপুরে সেলিনা খাতুন (৩০) নামের নয় মাসের অন্তঃসত্ত্বা এক শারীরিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তিনি কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের পাইকোশা গ্রামের মৃত বশির উদ্দিনের মেয়ে।
সেলিনা খাতুনের মৃত্যুর ১৫ ঘণ্টা আগে গ্রাম্য সালিসে অভিযুক্ত ধর্ষককে এক লাখ টাকা জরিমানা এবং ১২ শতক জমি ধর্ষণের শিকার ওই নারীর নামে লিখে দেওয়ার রায় ঘোষণা করা হয়।
সেলিনার বড় ভাই মোকাদ্দেস আলী বলেন, সেলিনা গত ২৯ ডিসেম্বর পেটের ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসার একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা বলে চিকিৎসকেরা জানান। এরপর তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে হাসপাতালের সহকারী রেজিস্ট্রার আঞ্জুমান আরা প্রথম আলোকে বলেন, রোগীর চিকিৎসার জন্য সাধ্যমতো সব ধরনের চেষ্টা করা হয়েছে। তিনি অন্তঃসত্ত্বার পাশাপাশি হৃদ্রোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তবে তাঁর চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি।
আবাসিক চিকিৎসক আকরামুজ্জামন বলেন, গতকাল লাশের ময়ণাতদন্দ করা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
ঝাঐল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল আউয়াল বলেন, ‘সালিসে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে ধর্ষক। এ কারণে তাকে জরিমানাও করা হয়। মীমাংসার উদ্যোগ নিয়ে সেলিনাকে বিয়ে করতে তাকে রাজি করানো হয়েছিল। কিন্তু হঠাৎ সেলিনার মৃত্যুতে আমরা মর্মাহত। এ ঘটনার পর থেকে ধর্ষক পলাতক রয়েছে।’
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল সরকার বলেন, সেলিনাকে ধর্ষণ করা হয়েছে, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন দেবব্রত রায় বলেন, সেলিনার মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। তাঁর চিকিৎসায় চিকিৎসকদের কোনো গাফিলতি থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মৃত্যুর আগে সেলিনা জানান, কয়েক মাস আগে এক রাতে প্রকৃতির ডাকে বাইরে গেলে একই গ্রামের আবু সাঈদ তাঁকে ধর্ষণ করে। ধর্ষকের হুমকির কারণে সেলিনা বিষয়টি কাউকে জানাননি।
বিষয়টি নিয়ে গত ৩০ ডিসেম্বর সেলিনার পরিবার এলাকায় একটি গ্রাম্য সালিস ডাকে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল আউয়াল ও সদস্য আবদুল কুদ্দুসের মধ্যস্থতায় অভিযুক্ত সাঈদ ঘটনার দায় স্বীকার করে। এরপর সালিসের রায়ে আবু সাঈদকে এক লাখ টাকা জরিমানা এবং ১২ শতক জমি সেলিনার নামে লিখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া সন্তান প্রসবের পর সেলিনাকে স্ত্রী হিসেবে ঘরে তুলে নেবে বলে সাঈদ স্বীকারোক্তি দেয়। রায় ঘোষণার পর ওই রাতেই সেলিনার অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পরদিন সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে সেলিনার মৃত্যু হয়।