চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের অন্তঃসত্ত্বা গৃহবধূ মেরিনা আক্তারকে (২২) শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পুলিশ এ ব্যাপারে নিশ্চিত হয়েছে।
মেরিনাকে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাঁর বাবা আলমডাঙ্গা উপজেলার শালিকা গ্রামের আয়ুব হোসেন বাদী হয়ে দামুড়হুদা থানায় সোমবার বিকেলে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলায় নিহতের স্বামী রনি, শ্বশুর শহর আলী, শাশুড়ি রেনু খাতুন ও দেবর জনিকে আসামি করা হয়েছে। গত ১৯ জানুয়ারি দামুড়হুদা থানার পুলিশ রামনগর গ্রামের হঠাৎ পাড়ায় শ্বশুরবাড়ি থেকে অন্তঃসত্ত্বা মেরিনা আক্তারের লাশ উদ্ধার করে। সন্তান প্রসবের নির্ধারিত সময়ের নয় দিন আগে মেরিনার মৃত্যুর ঘটনায় রহস্য তৈরি হয়। মেরিনার বাবা অভিযোগ করেন, জামাতা রনি এবং তাঁর বাবা-মা ও ভাই মিলে মেরিনাকে পরিকল্পিতভাবে খুন করেছেন।
দামুড়হুদা থানার ওসি আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রোববার হাতে পাওয়া ময়নাতদন্ত প্রতিবেদনে মেরিনাকে হত্যার বিষয়টি নিশ্চিত হয়েছি। মেরিনার শ্বশুরবাড়ির লোকজন বাড়িতে তালা ঝুলিয়ে আত্মগোপনে চলে গেছেন। তবে, আসামিদের ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।’