অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামী গ্রেপ্তার
বরগুনার পাথরঘাটা উপজেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে ইব্রাহিম হাওলাদার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার নিহত গৃহবধূ খাদিজার বাবা বাদী হয়ে মামলা করার পর ওই দিন দুপুরেই ইব্রাহিমকে পুলিশ গ্রেপ্তার করে। এজাহার সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে পৌরসভার ছোট পাথরঘাটা গ্রামের ইব্রাহিম প্রায়ই তাঁর স্ত্রী খাদিজাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এরই জের ধরে গত ২৭ মার্চ ইব্রাহিম খাদিজার মাথায় দা দিয়ে আঘাত করেন। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গত ৩১ মার্চ তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। পরে গত শনিবার পুনরায় অসুস্থ হয়ে পড়লে খাদিজাকে আবারও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরের দিন রোববার তাঁর মৃত্যু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পাথারঘাটা থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন বলেন, মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।