অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি
খুলনায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী লুৎফর শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুর রব হাওলাদার গতকাল বুধবার এ রায় দেন। একই সঙ্গে রায়ে আসামিকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২০০৭ সালের ১৭ জানুয়ারি পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সাবিনা বেগমকে কুপিয়ে হত্যা করেন লুৎফর শেখ। লুৎফরের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামে। হত্যার ১৪ মাস আগে একই গ্রামের বাবর আলী সরদারের মেয়ে সাবিনাকে বিয়ে করেন তিনি।
রায়ে বলা হয়েছে, মামলার যাবতীয় তথ্য পর্যালোচনা করে দেখা যায়, রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে মামলাটি প্রমাণ করতে সমর্থ হয়েছে। ঘটনার সময় সাবিনা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এটি নিষ্ঠুর, বর্বর ও জঘন্যতম একটি হত্যাকাণ্ড। এ কারণে আসামি লুৎফরকে সর্বোচ্চ সাজা দেওয়া সমীচীন।
আদালত সূত্রে জানা গেছে, লুৎফর অত্যন্ত বদমেজাজি। ঘটনার দিন স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের কারণে তাঁকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় সাবিনার মা ছকিনা বেগম বাদী হয়ে লুৎফরকে অভিযুক্ত করে ডুমুরিয়া থানায় মামলা করেন।
এ ব্যাপার মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) লস্কর জায়েদুল হক ওই বছরের ২১ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় মোট ১৪ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে।