অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা?
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূ ও তাঁর স্বামীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার হিলচিয়া ইউনিয়নের বালিগাঁও পূর্বপাড়া গ্রামে ওই দম্পতির বাড়ির একটি কক্ষ থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। গৃহবধূ আছমা খাতুনকে (৩০) কক্ষের মেঝেতে শোয়া অবস্থায় এবং তাঁর স্বামী সাইকুল ইসলামকে (৩৫) রশিতে ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। আছমাকে শ্বাসরোধে হত্যার পর সাইকুল আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।পুলিশ ও এলাকাবাসী জানান, ১২-১৩ বছর আগে সাইকুল ইসলামের সঙ্গে একই গ্রামের আছমা খাতুনের বিয়ে হয়। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। সংসারে অভাব-অনটন লেগে থাকায় স্বামীর সঙ্গে আছমা খাতুনের প্রায়ই ঝগড়া হতো। গতকাল ভোরেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। দুপুরের দিকে তাঁদের কক্ষের দরজা বন্ধ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে আছমাকে মাটিতে শোয়া অবস্থায় এবং সাইকুলকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাজিতপুর থানার এসআই আবদুর রাজ্জাক জানান, সাইকুল ইসলামের আত্মহত্যার বিষয়টি সম্পর্কে তাঁরা অনেকটা নিশ্চিত। কিন্তু আছমা খাতুনের মৃত্যু সম্পর্কে তাঁরা এখনো পরিষ্কার ধারণা পাননি। আছমার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে।