অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যায় স্বামীর ফাঁসি
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী লুৎফর শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন খুলনার আদালত। আজ বুধবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুর রব হাওলাদার এ রায় দেন। রায়ে আসামিকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২০০৭ সালের ১৭ জানুয়ারি পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সাবিনা বেগমকে কুপিয়ে হত্যা করেন আসামি লুৎফর শেখ। লুৎফরের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামে। হত্যার ১৪ মাস আগে একই গ্রামের বাবর আলী সরদারের মেয়ে সাবিনাকে বিয়ে করেন তিনি। ঘটনার সময় সাবিনা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
রায়ে বলা হয়েছে, রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে মামলাটি প্রমাণ করতে সমর্থ হয়েছে। ঘটনার সময় সাবিনা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সাবিনার হত্যাকাণ্ড একটি নিষ্ঠুর, বর্বর ও জঘন্যতম হত্যাকাণ্ড। এ কারণে আসামি লুৎফরকে সর্বোচ্চ সাজা দেওয়া সমীচীন।
আদালত সূত্রে জানা গেছে, ঘটনার দিন স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের কারণে স্বামী লুৎফর তাঁকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় সাবিনার মা ছকিনা বেগম বাদী হয়ে লুৎফরকে অভিযুক্ত করে ডুমুরিয়া থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) লস্কর জায়েদুল হক ওই বছরের ২১ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা মোট ১৪ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।