অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি, মৃত্যু
মিতা খাতুন (২৪)। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এলঙ্গী গ্রামে তাঁর বাড়ি। মঙ্গলবার দুপুরে তাঁর স্বামী চান্নু শেখ (৩০) পেটে লাথি মেরে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চান্নু শেখকে গ্রেপ্তার করে থানায় নিয়েছে পুলিশ। মিতার পরিবার ও কুমারখালী থানার পুলিশ সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে কুমারখালী উপজেলার এলঙ্গী গ্রামের চান্নু শেখের সঙ্গে মিতা খাতুনের বিয়ে হয়। মিতা খাতুন চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গতকাল বুধবার দুপুর দুইটার দিকে মিতা খাতুন বাড়িতে বসে ছিলেন। এ সময় তাঁর স্বামী চান্নু শেখ বাড়িতে এসে দুপুরের খাবার চান। মিতা তাঁকে জানান, রান্না হয়নি। একটু দেরি হবে। এতে চান্নু ক্ষিপ্ত হয়ে ওঠেন। দুজনের বাগিবতণ্ডার একপর্যায়ে মিতা খাতুনের পেটে জোরে লাথি মারেন চান্নু শেখ। এতে রক্তপাত হয়ে ঘটনাস্থলেই মিতা খাতুন মারা যান। খবর পেয়ে বেলা তিনটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। কুষ্টিয়া সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফখরুজ্জামান জুয়েল প্রথম আলোকে বলেন, পারিবারিক কলহে এ ঘটনা ঘটেছে। চান্নু শেখ গাঁজা সেবন করতেন। প্রাথমিকভাবে তিনি হত্যার কথা স্বীকার করেছেন।