অন্তঃসত্ত্বাকে তাড়ানোর অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অন্তঃসত্ত্বা এক নারীকে তাড়িয়ে দেওয়া, পথে তাঁর সন্তান প্রসব ও নবজাতকের মৃত্যুর অভিযোগ তদন্ত করে ১৪ ডিসেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করতে বগুড়ার জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে ব্যাখ্যা জানাতে শেরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোখলেছুর রহমান ও শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স সুষমা রানীকে তলব করেছেন উচ্চ আদালত। ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় তাঁদের লিখিত ব্যাখ্যা নিয়ে আদালতে হাজির হতে বলা হয়েছে। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন।
‘তাড়িয়ে দিল নার্স, মাঠে প্রসব: নবজাতকের মৃত্যু’ শিরোনামে গতকাল একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন বিবেচনায় নিয়ে এ আদেশ দেওয়া হয়। এ সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
রুলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও স্টাফ নার্সের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বগুড়ার জেলা প্রশাসক, সিভিল সার্জন, পুলিশ সুপার, শেরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শেরপুর থানার ওসি ও স্টাফ নার্সকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বেদনায় ছটফট করা অন্তঃসত্ত্বা নারীকে মধ্যরাতে ভর্তি করা হয়েছিল শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু পাশের ক্লিনিকে নেওয়ার পরামর্শ দিয়ে তাড়িয়ে দেওয়া হয় তাঁকে।