অন্তঃসত্ত্বাকে মারধর, গর্ভপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার পেটের সন্তানকে ওরা দুনিয়ার আলো দেখতে দিল না। অনেক কাকুতি-মিনতি করেছি, পায়ে ধরেছি। তার পরেও ওরা আমাকে মাটিতে ফেলে বুকে ও পেটে লাথি মারে। ওদের নির্যাতনে আমার রক্তপাত শুরু হলে জ্ঞান হারিয়ে ফেলি। এরপর দেখি, আমি হাসপাতালের বিছানায়।’শিবচর হাসপাতালের বিছানায় শুয়ে কথাগুলো বলছিলেন নির্যাতনের শিকার হতদরিদ্র ভ্যানচালকের স্ত্রী দুই সন্তানের জননী নিলা বেগম। ঘটনাটি মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের সোনাইচান্দের গ্রামের। প্রতিবেশীর সঙ্গে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে নির্যাতনে সাড়ে তিন মাসের বাচ্চা গর্ভপাত হয়েছে বলে অভিযোগ নিলার পরিবারের। বুধবার বিকেলে অবস্থার অবনতি হওয়ায় নিলাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শিবচর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।পারিবারিক সূত্র ও এলাকাবাসী জানায়, সোনাইচান্দের গ্রামে মোশারফ মুন্সী ও হায়দার মাদবরের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। সোমবার দুপুরে মোশারফ মুন্সীর জমিতে মাটি কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। বিকেলে মোশারফ মুন্সীর সাড়ে তিন মাসের গর্ভবতী স্ত্রী নিলা বেগমকে (৩২) একা পেয়ে প্রতিপক্ষ হায়দার মাদবরের ছেলে রাজীব মাদবর (২৫), স্ত্রী রোকেয়া বেগম (৪৫) ও বাশার বেপারী (২৮) হামলা চালিয়ে গুরুতর আহত করেন।শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাওছার হোসেন বলেন, শারীরিক নির্যাতনের কারণেই গৃহবধূর অসম্পূর্ণ গর্ভপাত হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। রক্তপাত বন্ধ না হওয়ায় ফরিদপুরে পাঠানো হয়েছে।শিবচর থানার পুলিশ পরিদর্শক আবদুর রাজ্জাক পিপিএম বলেন, এ ব্যাপারে উভয় পক্ষ থেকেই লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।