বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, অন্তবর্তী সরকার আর দলীয় সরকারের মধ্যে কোনো তফাৎ নেই। জনগণের সঙ্গে প্রতারণা করার নতুন কৌশল হিসেবে আওয়ামী লীগ এই নতুন ফর্মুলা আমদানি করেছে।গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘৭ নভেম্বরের বিপ্লব, বহুদলীয় গণতন্ত্র ও আজকের বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন।যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের একজন বিচারকের প্রতি ইঙ্গিত করে তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন মওদুদ আহমদ। তিনি বলেন, ‘তিনি এর আগে গোলাম আযমসহ ১০ জনের প্রতীকী ফাঁসির রায় দিয়েছিলেন। সুতরাং তিনি নিরপেক্ষ নন। তাই সুপ্রিম জুডিশিয়াল কমিশনের মাধ্যমে তাঁর নিরপেক্ষতা খতিয়ে দেখতে হবে।’মওদুদ আহমদ বলেন, বিএনপি যুদ্ধাপরাধের বিচার চায়, তবে তার আগে ট্রাইব্যুনালকে পুনর্গঠন করে সর্বজনগ্রাহ্য একজন বিচারক নিয়োগ দিতে হবে।স্বাধীনতা ফোরামের সভাপতি বিএনপি নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, শামা ওবায়েদ প্রমুখ।