অন্তরঙ্গ পরিবেশে পাঠকের মুখোমুখি প্রথম আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পূর্ব বাসাবোয় কদমতলা স্কুল অ্যান্ড কলেজে গতকাল প্রথম আলো পাঠক সমাবেশে বক্তব্য দেন শিক্ষক শিরিন আক্তার l ছবি: প্রথম আলো
রাজধানীর পূর্ব বাসাবোয় কদমতলা স্কুল অ্যান্ড কলেজে গতকাল প্রথম আলো পাঠক সমাবেশে বক্তব্য দেন শিক্ষক শিরিন আক্তার l ছবি: প্রথম আলো

‘যে কথা যায় না বলা’ নকশার এই বিভাগটি বন্ধ হলো কেন? আমাদের মতো বয়সী যারা অনেক সমস্যা, মনের অনেক কথা কাউকে সরাসরি বলতে পারি না এই বিভাগে সেই কথাগুলো বলতে পারতাম—এই অভিযোগ কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী তানজিলা আক্তার ও আয়েশা খানের। শামসুন্নাহার নামের এক অভিভাবকের অনুযোগ, বাংলা মিডিয়ামের প্রাথমিক সমাপনী ও জেএসসির পরামর্শ পড়াশোনা পাতায় দেওয়া হয়, কিন্তু ইংরেজি ভার্সনের পরামর্শ দেওয়া হচ্ছে না কেন।

গতকাল শনিবার বৃষ্টিভেজা বিকেলে পাঠকদের নিয়ে মনখোলা কথাবার্তার আয়োজন করেছিল প্রথম আলো। পূর্ব বাসাবো কদমতলা স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এই পাঠক সমাবেশে এলাকার রাজনীতিক, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি চাকুরে, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অনেকটা অনানুষ্ঠানিক অন্তরঙ্গ পরিবেশে প্রথম আলোর প্রতি তাঁরা তাঁদের ভালো লাগা, চাহিদা, অভিযোগ অনুযোগের কথা তুলে ধরেন। সম্পাদক মতিউর রহমান সূচনা ভাষ্যে পাঠকদের অভিনন্দন জানিয়ে বলেন, তাঁদের জন্যই প্রথম আলো আজ দেশের অন্যতম বড় কাগজে পরিণত হয়েছে। কীভাবে আরও বেশি করে পাঠকের কথা, তাঁদের চাহিদা তুলে ধরা যায় সে জন্যই তাঁদের মতামত জানতে এই আয়োজন করা হয়েছে।

এরপরই পাঠকেরা তাঁদের কথা বলতে থাকেন। ব্যবসায়ী ইব্রাহিম রেজা বললেন, এখন তরুণ প্রজন্মের ভাবনাচিন্তা দ্রুত বদলে যাচ্ছে। অনেক ক্ষেত্রে পরিবারের সঙ্গে তাদের একটা দূরত্বের সৃষ্টি হচ্ছে। এই তরুণদের নিয়ে প্রথম আলোর আরও কাজ করা উচিত। ঢাকা ব্যাংকের কর্মকর্তা নিস্তাক আহমেদ বললেন, ইদানীং অনুসন্ধানী প্রতিবেদন একটু কম হচ্ছে। তিনি বলেন, বৌদ্ধ মন্দির থেকে রাজারবাগ পর্যন্ত সড়কটি ৬০ ফুট চওড়া করার কথা শোনা যাচ্ছে ২০০৫ সাল থেকে। কিন্তু কাজ কিছুই হচ্ছে না। কলেজশিক্ষক মিজানুর রহমান বলেন, জাতীয় বেতন স্কেলে সব সরকারি কর্মচারীর বার্ষিক ৫ শতাংশ বেতন বৃদ্ধি হয়, কিন্তু বেসরকারি শিক্ষকেরা এ থেকে বঞ্চিত। তাঁদের এই বঞ্চনা তুলে ধরা হোক।

সবাই যে কেবল সমস্যার কথা বলেছেন তা নয়, মজার মজার অভিজ্ঞতার কথাও বলেছেন অনেকে। সরকারি দলের স্থানীয় এক নেতা নাসিমুল গনি বলেন, মূলত মেয়েদের পাতা হলেও তিনি নিয়মিত নকশা পড়েন। একদিন স্ত্রীর অসুস্থতায় নকশার রেসিপি দেখে নিজে খিচুড়ি রান্না করে সবাইকে খাইয়ে নিজের রন্ধন প্রতিভার বিপুল প্রশংসা কুড়িয়েছেন।

 এ ছাড়া সাহিত্য-সংস্কৃতির পাতায় গল্প-কবিতার পরিমাণ বাড়ানো, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ছোট ছোট নতুন উদ্যোগগুলোকে তুলে ধরা এবং সর্বোপরি বেশি করে ইতিবাচক সংবাদ প্রকাশের ওপর জোর দিয়েছেন পাঠকেরা।

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, আগামী বছরের শুরু থেকে পত্রিকাটি নতুন আঙ্গিকে সাজিয়ে পাঠকের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সেখানে তাঁদের এই পরামর্শ কাজে লাগবে। তিনি বলেন, এই এলাকার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে পূর্ব কদমতলা বাসাবো স্কুল অ্যান্ড কলেজ প্রতিবছর বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করবে, এতে প্রথম আলো আর্থিক সহায়তা দেবে। এ ছাড়া আগামী বছর তাদের বিজ্ঞান উৎসবেও প্রথম আলো সহায়তা দেবে। তিনি বলেন, স্কুলের তরুণ প্রজন্মের ছাত্রীরা যাতে তাদের সমস্যার কথা তুলে ধরতে পারে, সে জন্য এ বিষয়ে বিশেষজ্ঞ দুজন প্রতিনিধি পাঠানো হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্কুলের অধ্যক্ষ সাইফুল আলম, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইয়াহিয়া সোহেল, সদস্য জুয়েল লস্কর, প্রাক্তন ছাত্র সাজেদুল ইসলাম, শিক্ষক তানজিলা বারী, আমেনা খাতুন, শিরিন আক্তার, আইরিন আলম, তানজিনা তামিম, সাংবাদিক গোলাম কিবরিয়া, আল-সাজেদুল ইসলামসহ অনেকে।