পারস্পরিক অন্তর্দ্বন্দ্বে লিপ্ত থাকা দেশগুলোকে শান্তির পতাকাতলে আসার আহ্বান জানিয়েছেন ছায়া জাতিসংঘ সংসদ সম্মেলনের তরুণ কূটনীতিকেরা। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তাঁরা।
তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে কূটনৈতিক চর্চা বাড়াতে গত রোববার তৃতীয়বারের মতো জাতীয় ছায়া জাতিসংঘ সংসদ সম্মেলন শুরু হয়। সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেন। তাঁরা দলবদ্ধভাবে বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করেন।
সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ ও মানবাধিকারবিষয়ক পরিচালক ফাইয়াজ মোর্শেদ কাজী ও ঢাকাস্থ জাতিসংঘ তথ্যকেন্দ্রের (ইউএনআইসি) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তাঁরা শিক্ষার্থীদের এসব প্রস্তাব গ্রহণ করেন। অতিথিরা সেরা ১০টি দলকে তাঁদের জন্য নির্ধারিত আলোচ্যসূচির ওপর প্রস্তাব রাখার স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করেন।
সম্মেলনে তরুণ কূটনীতিকেরা সব দেশকে ‘অভিশপ্ত’ বিশ্বরাজনীতির অবসান ঘটিয়ে শান্তির অভিন্ন পতাকাতলে আসার আহ্বান জানান। এ সময় আয়োজক সংগঠনের সভাপতি এম জে সোহেল ও সাধারণ সম্পাদক মোল্লা তৌফিক আহমেদ উপস্থিত ছিলেন।