অন্তর্দ্বন্দ্বে স্থবির কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের কর্মকাণ্ড
অন্তর্দ্বন্দ্বে ঝিমিয়ে পড়েছে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের কার্যক্রম। দ্বন্দ্বের জেরে সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদুল কবীর ও সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা গত বৃহস্পতিবার প্রতিপক্ষের মামলায় কারাগারে গেছেন।দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের কনিষ্ঠ তিনজন সহসভাপতির মধ্যে আমিরুল পাশা সিদ্দিকী যুক্তরাষ্ট্রে, খলিলুর রহমান কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে ও মোস্তফা কামাল নিষ্ক্রিয় হয়ে আছেন। যুগ্ম সম্পাদক কাজী বিল্লাল হোসেন কানাডায় অবস্থান করছেন।সূত্র জানায়, সংগঠনের নয় সদস্যবিশিষ্ট বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগেই। অন্তর্দ্বন্দ্ব আর দীর্ঘদিনে পূর্ণাঙ্গ কমিটি না হওয়া, অছাত্র-বিবাহিত-একাধিক সন্তানের জনকদের কমিটিতে রাখা ইত্যাদি কারণে নেতৃত্বে শূন্যতা দেখা দিয়েছে। জেলা বিএনপির শীর্ষনেতাদের কোন্দলের প্রভাবও যোগ হয়েছে এর সঙ্গে।২০১০ সালের ২৭ জুলাই কেন্দ্র থেকে নয় সদস্যবিশিষ্ট ওই কমিটির নাম ঘোষণা করা হয়। ঘোষণায় বলা হয়েছিল, ১১ আগস্টের মধ্যে ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম কেন্দ্রে জমা দিতে হবে। কিন্তু দুই বছর পার হলেও ওই কমিটি গঠন করা হয়নি। এতে পদপ্রত্যাশী নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। সংগঠনও হয়ে পড়ছে নিয়ন্ত্রণহীন। ১৬ মে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে জেলা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুটি পক্ষ দ্রুত বিচার আইনে পাল্টাপাল্টি মামলা করে। মামলায় বৃহস্পতিবার সংগঠনের দুই শীর্ষনেতাসহ ছয় নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।অনেক নেতা-কর্মীর অভিযোগ, কমিটি ঘোষণার পর থেকেই দুই পক্ষ আলাদা ও দায়সারাভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছে। কমিটি ঘোষণার পর এখন পর্যন্ত কমিটি দুই পক্ষকে নিয়ে কোনো বৈঠক করতে পারেনি। এ নিয়ে উভয় পক্ষ পরস্পরকে দোষারোপ করছে।কমিটির সভাপতি উৎবাতুল বারী সংগঠন সক্রিয় রয়েছে বলে দাবি করেন। তবে জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদুল কবীর বলেন, দলে কোনো সমন্বয় নেই। কমিটি ঘোষণার পর একটি সভাও যৌথভাবে করা যায়নি।