অন্তর্বর্তী জামিন পেলেন ক্রিকেটার শাহাদাতের স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেনের স্ত্রী জেসমিন জাহানকে এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা শুনানি শেষে এই আদেশ দেন।
গত ১৯ নভেম্বর জেসমিন জাহানের জামিন আবেদনের বিষয়ে আংশিক শুনানির পর আদালত গতকাল তাঁর উপস্থিতিতে শুনানির তারিখ ধার্য করেছিলেন। জেসমিনকে গতকাল কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর উপস্থিতিতে শুনানিতে তাঁর পক্ষে আইনজীবী কাজী নজিবুল্লাহ আদালতে বলেন, জেসমিন গত ৪ অক্টোবর থেকে কারাগারে আটক আছেন। তাঁর একটি বাচ্চা রয়েছে। বাচ্চাটির মা-বাবা দুজনেই কারাগারে। মানবিক দিক বিবেচনা করে তাঁর জামিন মঞ্জুর করতে পারেন।
রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে আদালত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন।
গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে (১১) নির্যাতনের অভিযোগে শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা হয়। ৩ অক্টোবর রাতে মালিবাগে বাবার বাসা থেকে জেসমিনকে গ্রেপ্তার করে পুলিশ। ৫ অক্টোবর শাহাদাত হোসেন আদালতে আত্মসমর্পণ করেন।