অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন চায় ওয়ার্কার্স পার্টি: মেনন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, তাঁর দল সব দলের অংশগ্রহণে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন চায়। কিন্তু সব দলের অংশগ্রহণের চেয়ে বড় কথা, নির্বাচন হতে হবে অসম্প্রদায়িক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য।গতকাল রোববার ‘স্বাধীনতার ৪২ বছর ও নতুন প্রজন্ম’ শীর্ষক ওয়ার্কার্স পার্টি আয়োজিত আলোচনা সভায় রাশেদ খান মেনন এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। শাহবাগের আন্দোলন নিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে জনাব মেনন বলেন, বিএনপি তরুণ প্রজন্মকে নিয়ে খেলা করছেন। নাস্তিকতার কথা বলে স্বাধীনতার সামনে ধর্মকে দাঁড় করিয়ে দিয়েছেন। তিনি বলেন, নাস্তিকতার অভিযোগ দেওয়া নতুন কিছু নয়। ’৫২, ’৬৯, ’৭১ সহ সব প্রগতিশীল আন্দোলনে এ ধরনের অভিযোগ তোলা হয়েছে। বিএনপির সমালোচনা করে মেনন বলেন, বিএনপি-জামায়াত শুধু একই বৃন্তের দুটি ফুল নয়, তারা একে অন্যের সঙ্গে অবিচ্ছেদ্য। আগে জামায়াত বিএনপির লেজুড় ছিল, এখন বিএনপি জামায়াতের লেজুড়ে পরিণত হয়েছে।কথিত নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সরকারের বিভিন্ন মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মেনন বলেন, এখন আত্মরক্ষামূলক কথা বলার কোনো সুযোগ নেই। এখন আত্মরক্ষামূলক কথা বলা ভুল হবে।সভায় অন্যদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ, রোবায়েত ফেরদৌস প্রমুখ বক্তব্য দেন।