অন্তর্বর্তী সরকারের কাঠামো নিয়ে মহাজোটে আলোচনা চলছে: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নতুন ধরনের অন্তর্বর্তী সরকারের কাঠামো নিয়ে ক্ষমতাসীন মহাজোটের মধ্যে ইতিমধ্যে কিছু আলাপ-আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু। তাঁর বরাত দিয়ে গতকাল বুধবার বিবিসির খবরে এ কথা জানানো হয়।মহাজোটের শরিক হাসানুল হক ইনু বিবিসিকে বলেন, প্রধান বিরোধী দল বিএনপি পুরোনো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানালেও তার আর সুযোগ নেই। বরং এর বিকল্প কাঠামো কী হতে পারে, তা নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপ ও ঐকমত্য হওয়া দরকার। তিনি বলেন, এ নিয়ে মহাজোটের মধ্যে ইতিমধ্যে কিছু আলাপ-আলোচনা হয়েছে। জোটের আগামী সভায় এটি একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে পারে।সংলাপের বিষয়ে ইনু বলেন, তত্ত্বাবধায়ক সরকারের যে কাঠামো ছিল, তাতে অনেক ভুলত্রুটি আছে এবং সেটা বাতিল হয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার কোনো সম্ভাবনা নেই। আদালত আরেকটি কথা বলে দিয়েছিলেন, এই ব্যবস্থা যদি দুই মেয়াদের জন্য রাখাও হয়, তবে বিচার বিভাগকে এর বাইরে রাখতে হবে। বিচার বিভাগকে বাইরে রেখে কার নেতৃত্বে, কার কর্তৃত্বে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিচালিত হবে, তা এখন বড় প্রশ্ন। আর তাই পুরোনো ওই ব্যবস্থাকাঠামোর বিকল্প একটি নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলার জন্য আলোচনা হতে পারে। হাসানুল হক তাঁর বক্তব্যের এই অবস্থানকে কেবল জোটই নয়, প্রধানমন্ত্রীর অবস্থান বলেও দাবি করেন।এ ছাড়া গতকাল জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে জাসদের সংসদীয় দল আয়োজিত সংবাদ সম্মেলনেও প্রায় একই রকম বক্তব্য দেন জনাব ইনু।এক সাংসদের বিরুদ্ধে অভিযোগ: ওই সংবাদ সম্মেলনে জাসদের সাংসদ মঈন উদ্দীন খান বাদল অভিযোগ করেন, তাঁর নির্বাচনী এলাকা চট্টগ্রামের চান্দগাঁওয়ের সাদাইয়া বিলে দরিদ্র মানুষের কৃষিজমি দখল করে ‘সানোয়ারা সিটি’ তৈরি করা হচ্ছে। কেউ বাধা দিলে বা কম দামে জমি বিক্রিতে রাজি না হলে তাদের বিরুদ্ধে চুরি-ডাকাতির মামলা করা হচ্ছে। আর এর নেতৃত্ব দিচ্ছে সরকারদলীয় সাংসদ নুরুল ইসলামের প্রতিষ্ঠান সানোয়ারা গ্রুপ।মঈন উদ্দীন খান বাদল দাবি করেন, এলাকার সাংসদ হিসেবে তিনি পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন। এরপর তাঁর বিরুদ্ধে টিআর-কাবিখা লুটপাটের অভিযোগ এনে দুটি পত্রিকায় ক্রোড়পত্র ছেপে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন সাংসদ নুরুল ইসলাম। একটি পত্রিকায় প্রতিবেদনও ছাপা হয়েছে।এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মঈন উদ্দীন খান বলেন, ‘আমিও প্রধানমন্ত্রীকে বলতে চাই, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় অথবা সংসদীয় তদন্ত কমিটি গঠন করুন। তাতে জানা যাবে, অন্যায়ভাবে সাধারণ মানুষের জমি দখল করা হচ্ছে কি না এবং জমি দখল করার জন্য নুরুল ইসলাম দরিদ্র মানুষের ওপর অত্যাচার করছেন কি না। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য প্রমাণিত হলে আমি সদস্যপদ ত্যাগ করব।’