অন্তর্বর্তী সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার বিএনপির সাংসদ মওদুদ আহমদ বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব আনার সঙ্গে সঙ্গে তা প্রত্যাখ্যান করা হবে। কারণ ওটা নির্দলীয় সরকার হবে না। এর পরও যদি তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন করেন, বিএনপি যাবে না।’রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় অংশ নিয়ে মওদুদ এ কথা বলেন। তিনি বলেন, ‘এখনো সময় আছে, সমঝোতার পথে আসুন, দাবি মেনে নিয়ে দেশ রক্ষা করুন। সংখ্যায় কম থাকতে পারি, কিন্তু কোনো কিছু আনচ্যালেঞ্জড ছেড়ে দেব না।’আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে মওদুদ বলেন, ‘১২ মার্চ প্রমাণিত হয়েছে, বর্তমান সরকার ফ্যাসিবাদী। সুতরাং আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বিএনপিও দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না। আমরা নতুন কোনো ফর্মুলা দেব না। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করতে হবে। নীতিগতভাবে একমত হলে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, তা নিয়ে আলোচনা হতে পারে।’ পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির প্রশংসা করে তিনি বলেন, ‘মিয়ানমারের কাছ থেকে যেভাবে সমুদ্রসীমা আদায় করা হয়েছে, ভারতের কাছ থেকেও সেভাবে অধিকার আদায়ের নিশ্চয়তা দিতে হবে।’ বিএনপির এই সাংসদ আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন, সরকার সংবিধান অনুযায়ী কাজ করে চলেছে। এ জন্য তিনি সংবিধানের অনেক অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়েছেন। কিন্তু ১৪৫(ক)-এর কথা বলেননি। এই অনুচ্ছেদে বিদেশের সঙ্গে সম্পাদিত সব চুক্তি সংসদে উপস্থাপনের কথা বলা আছে। কিন্তু বর্তমান সরকার এখন পর্যন্ত একটি চুক্তি নিয়েও সংসদে আলোচনা করেনি।সরকারি দলের জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমেদ বলেন, সমুদ্রের অধিকার নিয়ে বঙ্গবন্ধু যে যাত্রা শুরু করেছিলেন, তা বর্তমান সরকার সফল করেছে। মিয়ানমারের কাছ থেকে যেভাবে অধিকার আদায় করা হয়েছে, ভারতের কাছ থেকেও সেভাবে আদায় করা হবে। তবে আইনি লড়াইয়ের পাশাপাশি আলোচনাও চলবে। চারদলীয় জোটের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, ‘২০০১ সালে অপারেশন ক্লিন হার্টে ৫৮ জনকে হত্যা করা হয়েছিল। বিনা কারণে তাদের সময়ে শেখ ফজলুল করিম সেলিম, সাবের হোসেন চৌধুরী, মুনতাসীর মামুন, শাহরিয়ার কবির, এমনকি আমাকেও গ্রেপ্তার করা হয়েছিল। সাবের হোসেনের মতো ব্যক্তিকে প্লেট চুরির মামলার আসামি করা হয়েছিল।’তোফায়েল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ভারত, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় যে পদ্ধতিতে নির্বাচন হয়, বাংলাদেশেও সেই পদ্ধতিতে নির্বাচন হবে।