
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফেসবুকে ধর্ম অবমাননাকর ছবি পোস্টের অভিযোগে করা মামলায় রসরাজ দাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত। জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন গতকাল সোমবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন।
রসরাজ ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে আছেন। কারাগারের তত্ত্বাবধায়ক নূরন্নবী ভূঁইয়া প্রথম আলোকে বলেন, রসরাজের জামিনসংক্রান্ত কাগজপত্র গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত কারাগারে পৌঁছায়নি। তবে কাগজ পাওয়ামাত্র তিনি কারাগার থেকে ছাড়া পাবেন।
রসরাজের আইনজীবী নাসির মিয়া প্রথম আলোকে জানান, রসরাজের উপস্থিতিতে গতকাল আদালতে তাঁর জামিন আবেদনের শুনানি হয়। আদালত ১০ হাজার টাকার বন্ডের শর্তে তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। রসরাজের বিরুদ্ধে মামলায় আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত এই জামিনের মেয়াদ বহাল থাকবে।
গত বছরের ২৮ অক্টোবর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজের ফেসবুক আইডি থেকে ধর্ম অবমাননাকর একটি ছবি পোস্ট করার অভিযোগ ওঠে। পরের দিন হরিণবেড় গ্রাম থেকে রসরাজকে গ্রেপ্তার করা হয়। নাসিরনগর থানার এসআই কাউসার হোসেন বাদী হয়ে সেদিন রসরাজের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করেন।
ফেসবুকে পোস্ট করা ওই ছবি ধর্মীয় অবমাননাকর অভিযোগ তুলে ৩০ অক্টোবর নাসিরনগরে হিন্দুসম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে আরও কয়েক দফায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় করা আটটি মামলায় এ পর্যন্ত ১০৪ জন গ্রেপ্তার হয়েছেন।
রসরাজের বিরুদ্ধে করা মামলার অন্যতম প্রধান সাক্ষী হিসেবে গত ১১ জানুয়ারি আশুতোষ দাস নামের এক ব্যক্তি আদালতে ১৬৪ ধারায় বিবৃতিমূলক জবানবন্দি দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন বলেন, আশুতোষ জবানবন্দিতে ধর্ম অবমাননাকর ছবি পোস্ট করা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এ ঘটনায় জড়িত বলে কয়েকজন আসামির নামও উল্লেখ করেছেন।
রসরাজের মুঠোফোন থেকে ওই ছবি ফেসবুকে ছাড়া হয়নি নিশ্চিত করে গত বছরের ২৮ নভেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ফরেনসিক বিভাগ জেলা পুলিশের কাছে প্রতিবেদন দিয়েছে। এতে বলা হয়, রসরাজের মুঠোফোন থেকে ধর্ম অবমাননাকর ছবি পোস্টের কোনো আলামত পাওয়া যায়নি।