অন্তর্বর্তীকালীন প্রতিবেদনই নতুন করে জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর ওপর করা প্রতিবেদন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে জমা দিয়েছেন গ্রামীণ ব্যাংক কমিশনের চেয়ারম্যান মামুন-উর-রশিদ। গ্রামীণ ব্যাংক কমিশনের চেয়ারম্যান গতকাল সোমবার বিকেলে অর্থমন্ত্রীর ই-মেইলে আগে জমা দেওয়া অন্তর্বর্তীকালীন প্রতিবেদনটিই জমা দিয়েছেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এর আগে কমিশন গত ফেব্রুয়ারিতে এই অন্তর্বর্তীকালীন প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছিল।
ফলে, গ্রামীণ ব্যাংক কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা পড়বে বলে যা বলা হচ্ছিল, তা আর হচ্ছে না। গত আগস্টে কমিশন সদস্য আজমালুল হোসেন কিউসি একই বিষয়ে আরেকটি প্রতিবেদন জমা দিয়েছিলেন অর্থমন্ত্রীর কাছে।
সূত্র জানায়, এ দফায় অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের সঙ্গে বাড়তি হিসেবে কিছু সুপারিশ করেছেন কমিশন চেয়ারম্যান। সেই সুপারিশের অন্যতম হলো গ্রামীণ ব্যাংককে কোনো নিয়ন্ত্রক সংস্থার আওতায় আনা। সরকার ইতিমধ্যে এটিকে বাংলাদেশ ব্যাংকের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেদনটি বিশ্লেষণ করার জন্য অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে গতকাল সোমবার অর্থমন্ত্রী রাষ্ট্রীয় কাজে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন।
চূড়ান্ত প্রতিবেদন পাবেন বলে গত চার মাসে পাঁচবার দিন-তারিখ ঠিক করে সাংবাদিকদের তা জানিয়ে আসছিলেন অর্থমন্ত্রী। কিন্তু কমিশন চেয়ারম্যানের কোনো সন্ধান পাচ্ছিলেন না তিনি। গতকাল বিকেলে মামুন-উর-রশিদের ই-মেইলটি পান অর্থমন্ত্রী। মামুন-উর-রশিদ বর্তমানে পারিবারিক কাজে নেপালে রয়েছেন। সাবেক সচিব মামুন-উর-রশিদকে চেয়ারম্যান করে গ্রামীণ ব্যাংক কমিশন গঠন করা হয় ২০১২ সালের মে মাসে। এক দফা বাড়ানোর পর ২০ জুলাই ছিল কমিশনের মেয়াদ। কমিশনের সদস্য আজমালুল হোসেন কিউসি এবং হিসাববিদ (সিএ) মোসলেহউদ্দিন আহমেদ। আইনি দিক নিয়ে আজমালুল হোসেন, হিসাবের দিক নিয়ে মোসলেউদ্দিন এবং সার্বিক দিক নিয়ে কাজ করছিলেন মামুন-উর-রশিদ।