অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সুযোগ নেই: স্থানীয় সরকারমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ক্ষমতা পরিবর্তনের জন্য গণতন্ত্রের প্রধান নিয়ামক হচ্ছে নির্বাচন। নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো সুযোগ নেই। মন্ত্রী গতকাল শনিবার লালমনিরহাট ও কুড়িগ্রামে এসব কথা বলেন।
কুড়িগ্রামে দ্বিতীয় ধরলা সেতুর কাজ দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মন্ত্রী বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগের জন্ম রাজপথে এবং আন্দোলনের মধ্য দিয়ে। বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘তাঁদের বলব মানুষ হত্যার রাজনীতি বন্ধ করুন।’ কুড়িগ্রাম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর ওপর নির্মাণাধীন দ্বিতীয় ধরলা সেতুর কাজের ৬২ ভাগ শেষ হয়েছে। এই সেতুর কাজ শেষ হলে ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার আট লক্ষাধিক মানুষ সুফল পাবেন। উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, রংপুর বিভাগীয় অতিরিক্ত প্রকৌশলী আজিজুর রহমান, ফুলবাড়ী নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্র নাথ উরাওঁ, ধরলা সেতুর প্রকল্প পরিচালক আল্লা হাফিজ প্রমুখ। মন্ত্রী বিকেল চারটায় সদ্য বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার উন্নয়নকাজ পরিদর্শন করেন।
এদিকে দুপুরে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ভেতরে অবস্থিত বিলুপ্ত ছিটমহল ভিতরকুটির প্রস্তাবিত সালেহা সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে খন্দকার মোশাররফ অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, ডিসি আবু ফয়েজ মো. আলাউদ্দিন খান, এসপি রশিদুল হক প্রমুখ