অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সংসদে এসে আলোচনা করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, স্বচ্ছ নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। গণতান্ত্রিক সরকারের অধীনেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। তবে বিরোধী দলের নেতা খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সংসদে এসে আলোচনা করুন।’পঞ্চগড় মুখ্য বিচারিক হাকিম আদালতের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গতকাল শনিবার আইন প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারে আরও একটি ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করছি, এই ট্রাইব্যুনাল মার্চ মাসের মধ্যে কাজ শুরু করবে। সাত-আটজন যুদ্ধাপরাধীর বিচার এ বছরের মধ্যেই শেষ হবে।’কামরুল ইসলাম বলেন, ‘দেশকে জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত করতে ১২ মার্চ বিএনপি ধংসাত্মক কর্মসূচি দিয়েছে। বোমা হামলা, বাসে অগ্নিসংযোগ ও মানুষ হত্যার কর্মসূচি ছেড়ে রাস্তায় আসুন, দেখি কার ক্ষমতা বেশি। ১২ মার্চ রাজপথ দখলে রাখব।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব উল ইসলাম। স্বাগত বক্তব্য দেন মুখ্য বিচারিক হাকিম আবু মনসুর মো. জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন সাংসদ নুরুল ইসলাম, সাংসদ মো. মজাহারুল হক প্রধান ও সংরক্ষিত আসনের সাংসদ ফরিদা আখতার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মির্জা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মির্জা সারোয়ার হোসেন ও জেলা পরিষদের প্রশাসক আবু বকর ছিদ্দিক।