অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হবেন হাসিনা: নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারপ্রধানের প্রশ্নে কোনো আপস হবে না। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন বা সর্বদলীয় সরকারের প্রধান হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা ছাড়া কোনো ইলেকশন হবে না।’ খবর বাসসের।
আজ বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন।
জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার ও নাজমুল হক প্রধান, উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী প্রমুখ।
সভায় ১৪ দলের মুখপাত্র বলেন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। বিএনপি আন্দোলনের ট্রেন ফেল করেছে। নির্বাচনে না এলে তারা নির্বাচনের ট্রেনও ফেল করবে।
নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একবার ডাক দিয়েছি। বারবার ডাক দেওয়া সম্ভব নয়। সংলাপ আমরাও চাই। তবে এখন সংলাপ চাইলে বিরোধী দলকেই আহ্বান জানাতে হবে। এ নিয়ে কোনো হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না।’
সভায় হাসানুল হক ইনু বলেন, চক্রান্তকারীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। বিএনপি-জামায়াত-হেফাজত একসঙ্গে জোট বেঁধে যুদ্ধাপরাধী, তেঁতুল হুজুরদের পক্ষ নিয়েছে। তাদের এই সাম্প্রদায়িক জোট বাংলাদেশের জন্য হুমকি। তাই তাদের মোকাবিলা করা দরকার। এ জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।