আধুনিক সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও চিকিৎসক ও জনবলসংকটের কারণে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা ১০ শয্যাবিশিষ্ট হাসপাতালের অন্তর্বিভাগ ১৯ বছরেও চালু হয়নি। এতে দহগ্রাম ইউনিয়নবাসীকে ১৭ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানায়, ১৯৯২ সালে দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের নাগরিকেরা তিনবিঘা করিডর দিয়ে মূল ভূখণ্ডে যাতায়াতের সুবিধা লাভের পর ১৯৯৬ সালে দহগ্রামের বঙ্গেরবাড়ি উচ্চবিদ্যালয়ের পাশে ১০ শয্যার এই হাসপাতাল স্থাপন করা হয়। এ সময় চার চিকিৎসক, চার সেবিকা ও অন্য কর্মচারীসহ মোট ২৬ জন লোক নিয়োগ দেওয়া হয়। বর্তমানে এখানে একজন চিকিৎসা কর্মকর্তা, একজন উপসহকারী কমিউনিটি চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), রেডিওগ্রাফার, ফার্মাসিস্ট, ওয়ার্ডবয়সহ নয়জন কর্মী আছেন। ১৭টি পদ শূন্য। শুরুতে অন্তর্বিভাগ চালু হয়নি। পরে ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দহগ্রাম সফরের সময় হাসপাতালের অন্তর্বিভাগ উদ্বোধন করেন। কিন্তু তিন মাস পর অন্তর্বিভাগ বন্ধ হয়ে যায়।
হাসপাতালটিতে অপারেশন থিয়েটার (ওটি), আধুনিক এক্স-রে মেশিন, উন্নত যন্ত্রপাতি, মহিলা-পুরুষ ওয়ার্ডের পাশাপাশি অস্ত্রোপচার কক্ষ, রোগীদের রাখার বিশেষ ব্যবস্থা, উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটর, অ্যাম্বুলেন্সসহ নানা সুবিধা আছে। ব্যবহার না করায় এক্স-রে মেশিন, জেনারেটর নষ্ট হওয়ার পথে।
দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ইউনিয়নের প্রায় ১৫ হাজার অধিবাসীর চিকিৎসার জন্য চারজন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে একজন চিকিৎসক আছেন। তিনিও নিয়মিত রোগী দেখেন না। একজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা বহির্বিভাগের সেবা কার্যক্রম চালু রেখেছেন। আর অন্তর্বিভাগের কার্যক্রম চালু না হওয়ায় রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে হাসপাতালের বহির্বিভাগে দেখা যায় রোগীদের দীর্ঘ লাইন। চিকিৎসা নিতে আসা তিনজন রোগীকে বাইরে থেকে ওষুধ এনে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির জন্য পাঠানো হয়।
আঙ্গরপোতা গ্রামের রোগী সহিদার রহমান বলেন, কাশি ও জ্বর নিয়ে চিকিৎসককে দেখানোর জন্য সকালে বাড়ি থেকে এসেছেন। কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তিনি চিকিৎসকের দেখা পাননি।
উপসহকারী কমিউনিটি চিকিৎসক জিল্লুর রহমান বলেন, বহির্বিভাগে গড়ে প্রতিদিন ৮০-৯০ জন রোগী চিকিৎসা নিতে আসেন। অল্প সময়ে এত বেশি রোগী ভালোভাবে দেখা যায় না। আরেকজন চিকিৎসক এখন প্রশিক্ষণের জন্য ঢাকায় আছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোহাম্মদ বলেন, এখানে চারজন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু দুজন বিনা অনুমতিতে কর্মস্থলে দীর্ঘদিন ধরে অনুপস্থিত। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরে জানানো হয়েছে। আর একজন গত বছর যোগদানের কিছুদিন পর প্রেষণে পাশের উপজেলায় চলে যান।
সিভিল সার্জন আ স ম আবদুস সামাদ বলেন, ‘বিনা অনুমতিতে চিকিৎসকদের অনুপস্থিত থাকার বিষয়ে আগের সিভিল সার্জন দুবার স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠিয়েছেন। আমিও এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। ওই চিকিৎসকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর অন্তর্বিভাগ চালু ও ওষুধ বরাদ্দ দেওয়ার জন্য স্বাস্থ্য বিভাগের বিভাগীয় কার্যালয়ে জানানো হয়েছে।’