অন্তিম শয়ানে ভাস্কর নভেরা

ফ্রান্সের শন পামেল গ্রামের ছোট্ট এক কবরস্থানে গতকাল স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় চিরকালের জন্য শায়িত হয়েছেন বাংলাদেশের ভাস্কর্য শিল্পের পথিকৃৎ নভেরা আহমেদ। তাঁর স্বামী গ্রেগোয়া দ্য ব্রনস স্ত্রীকে অন্তিম বিদায় জানিয়ে বাষ্পরুদ্ধ কণ্ঠে বলেন ‘অন সো হোভ্যারা ও পাগাদি’, বাংলায় অর্থটা এমন—স্বর্গে আবার দেখা হবে। নভেরা আহমেদ ৫ মে মারা গেছেন।
নভেরা আহমেদের শেষ জীবনের ঘনিষ্ঠজন প্যারিসপ্রবাসী চিত্রসমালোচক আনা ইসলাম প্রথম আলোকে জানান, সোমবার তাঁরা প্যারিস থেকে ৬৭ কিলোমিটার দূরে নভেরা আহমেদের বাড়ি শন পামেল গ্রামে যান। নভেরার স্বামী গ্রেগোয়া ব্রনস, নভেরার দেখভালকারী রেবতী ও তিনি বেলা আড়াইটায় স্থানীয় হাসপাতালের হিমঘর থেকে নভেরার কফিন দাফনের জন্য গ্রামের কবরস্থানে নিয়ে আসেন।
কফিন কবরে নামানোর আগে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। চিত্রসমালোচক ও কিউরেটর প্যাট্রিক আমিন, প্যারিসে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম, শিল্পী শাহাবুদ্দিন আহমেদ ও তাঁর মেয়ে চিত্রশিখি শাহাবুদ্দিন নভেরার জীবন ও কর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্যারিসপ্রবাসী বাঙালিদের অনেকে নভেরা আহমেদকে শেষবিদায় জানাতে এসেছিলেন।
আনা ইসলাম জানান, নভেরা আহমেদের কফিনে তাঁর বাগানের একটি হলুদ গোলাপ, তাঁর শেষ প্রদর্শনীর একটি ক্যাটালগ ও একটি ছোট্ট পাখির মরদেহ সঙ্গে দেওয়া হয়েছে। প্রতিদিন সকালে নভেরা আহমেদ এই পাখিটিকে খেতে দিতেন। নভেরা যেদিন মারা যান, ৫ মে এই পাখিটিও মারা যায়। নভেরার স্বামী মৃত পাখিটি সংরক্ষণ করেছিলেন। কফিন কবরে নামিয়ে স্ত্রীর সঙ্গে স্বর্গে আবার দেখা হওয়ার কথা বলেই তাঁর কণ্ঠ থেমে যায় ভাবাবেগে।
প্রায় সাড়ে চার দশক প্যারিসপ্রবাসী ভাস্কর নভেরা আহমেদ শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।