অন্তিম শয়ানে প্রজ্ঞা ও দ্রোহের কান্ডারি

আত্মীয়-পরিজন, ভক্ত-অনুরাগীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে অন্তিম শয়ানে শায়িত হলেন শিক্ষাবিদ ও দার্শনিক অধ্যাপক সরদার ফজলুল করিম। গতকাল রোববার কয়েক দফা শ্রদ্ধা নিবেদন শেষে ফজলুল করিমের মরদেহ আজিমপুর কবরস্থানে তাঁর স্ত্রীর কবরেই দাফন করা হয়।
রাজধানীর শমরিতা হাসপাতালে গত শনিবার দিবাগত রাত একটার দিকে তাঁর মৃত্যু হয়।
সকাল সাড়ে আটটায় শমরিতা হাসপাতাল থেকে তাঁর মরদেহ ধানমন্ডির বাসভবনে নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বেলা ১১টায় মরদেহ নিয়ে আসা হয় পুরানা পল্টনের মুক্তি ভবনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে। সিপিবির আমৃত্যু সদস্য সরদার ফজলুল করিমের মরদেহ কাস্তে-হাতুড়িখচিত লাল পতাকা দিয়ে আবৃত করে মুক্তি ভবনের সামনে নির্মিত বেিদতে রাখা হয়। সেখানে প্রথমেই সিপিবির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সংক্ষিপ্ত সমাবেশে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সরদার ফজলুল করিম ছিলেন বৈচিত্র্যপূর্ণ এক দুর্লভ জীবনের অধিকারী। তিনি ছিলেন এ দেশের কমিউনিস্ট আন্দোলনের অসামান্য এক যোদ্ধা, নেতা, শিক্ষক ও পথপ্রদর্শক।
প্রয়াতের জামাতা শাকিল আখতারও এ সময় বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ, রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।
এ সময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামানসহ বিভিন্ন রাজনীতিক, ছাত্র ও শ্রমিক এবং সামজিক সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানান৷ ‘কমিউনিস্ট ইন্টারন্যাশনাল’ গেয়ে এই বিপ্লবীকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
সিপিবি কার্যালয় থেকে সরদার ফজলুল করিমের মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর দীর্ঘদিনের কর্মস্থল বাংলা একাডেমিতে। সেখানে সর্বস্তরের নাগরিকের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ রাখা হয় একাডেমির নজরুল মঞ্চের সামনে।
এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর বিশেষ সহকারী মাহবুবুল আলম শাকিল ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব (১) আবদুল মালেক পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর শ্রদ্ধা জানান৷ বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের নেতৃত্বে একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
এখানে শ্রদ্ধা জানান ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সন্জীদা খাতুন, ভারত থেকে আসা ইতিহাসবিদ গৌতম ভদ্র, শিক্ষাসচিব মোহাম্মদ সাদিক, সিপিবির নেতা হায়দার আকবর খান রনো, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক আহমেদ কামাল, প্রবীণ রাজনীতিবিদ অজয় রায়, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাট্যজন মামুনুর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম কুদ্দুছ, স্থপতি ইকবাল হাবিবসহ অনেকে।
ছায়ানট, মুক্তিযুদ্ধ জাদুঘর, সম্মিলিত সামাজিক আন্দোলন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চ, ন্যাপ, ঐক্য ন্যাপ, বিপ্লবী ছাত্রমৈত্রী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি,
বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, গণতান্ত্রিক বাম মোর্চা, ইউনাইটেড কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন সংগঠনও এ সময় শ্রদ্ধা নিবেদন করে।
সরদার ফজলুল করিমের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটির চারপাশ এ সময় ফুলে ফুলে ভরে ওঠে।
এখানে শ্রদ্ধা নিবেদনের পালা শেষ হয় অধ্যাপক আনিসুজ্জামানের বক্তৃতার মধ্য দিয়ে। তিনি বলেন, সরদার ফজলুল করিম নিজেকে কৃষকের সন্তান হিসেবে পরিচয় দিতেন। সেই পরিবেশ থেকে তিনি মেধার শক্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছিলেন। মানুষের মুক্তির জন্য সংকল্পবদ্ধ হয়ে রাজনীতির চাহিদায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে দিয়েছিলেন। মানুষের মুক্তির জন্য তাঁর প্রয়াস ও জ্ঞানচর্চায় তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর জীবন ও সাধনা ব্যর্থ হওয়ার নয়।
বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সরদার ফজলুল করিমের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী, অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম, অধ্যাপক নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ।
বেলা আড়াইটার দিকে আজিমপুর কবরস্থানে সরদার ফজলুল করিমের দাফন সম্পন্ন হয়। এ সময় তাঁর ছেলে সরদার সাজেদুল করিম, মেয়ে আফসানা করিমসহ পরিবারের সদস্য ও গুণগ্রাহীরা উপস্থিত ছিলেন।
শোক: সরদার ফজলুল করিমের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্র শেখ হাসিনা৷ এক বিবৃতিতে তিনি বলেন, সরদার ফজলুল করিম শিক্ষকতা, জ্ঞানচর্চা ও সামাজিক-রাজনৈতিক গবেষণার মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে আমৃত্যু কাজ করে গেছেন৷ বিবৃতি দিয়েছেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। এ ছাড়া বিবৃতি দেয় মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)।