অন্তিম শয়ানে বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম
প্রিয় চট্টগ্রামের মাটিতে অন্তিম শয়ানে শায়িত হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণিতজ্ঞ, পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিদ অধ্যাপক জামাল নজরুল ইসলাম। গতকাল রোববার বাদ আসর চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে তাঁর শেষ জানাজা অনুষ্ঠিত হয়। পরে চট্টগ্রাম নগরের গরীবুল্লাহ শাহ (রহ.)-এর মাজারসংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।অধ্যাপক জামাল নজরুল ইসলামের জানাজায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম, সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মু. সিকান্দর খান, মরহুমের বড় ভাই কে জেড ইসলাম, শিল্পপতি সুফি মিজানুর রহমান, খলিলুর রহমানসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।জানাজায় ইমামতি করেন মাওলানা জালাল উদ্দিন আল-কাদেরি। এ সময় অন্যদের মধ্যে স্থপতি সুভাষ বড়ুয়া, বিধান বড়ুয়া, জামাল নজরুল ইসলামের দুই মেয়ে সাদাফ বিন নজরুল, নার্গিস বিন নজরুলসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস জামাল নজরুল ইসলাম গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি ক্লিনিকে ইন্তেকাল করেন।শোক: দেশের প্রখ্যাত এই বিজ্ঞানীর মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ ও ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম সিকান্দর খান এবং ফোরাম ফর প্যানড চিটাগং, আল্লামা রুমী সোসাইটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, আলোকিত জাতি ও সুশীল সমাজ বাস্তবায়ন পর্ষদ, খেলাঘর চট্টগ্রাম মহানগর শাখা, সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগ চট্টগ্রাম ও গণতান্ত্রিক বাম মোর্চা শোক প্রকাশ করেছে।