অন্তু বড়ুয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রামে হরতালের সময় ককটেল বিস্ফোরণে চোখে আঘাত পাওয়া শিক্ষার্থী অন্তু বড়ুয়ার চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত চিকিৎসার জন্য গতকাল রোববারই অন্তুকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী স্কুলছাত্রী অন্তু বড়ুয়ার শারীরিক খোঁজখবর নিয়েছেন এবং তার চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করেছেন। এর অংশ হিসেবে চট্টগ্রাম থেকে অন্তুকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তাকে ভর্তি করা হবে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য অন্তুকে দেশের বাইরেও পাঠানো হবে। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টা হরতাল চলাকালে গত বৃহস্পতিবার নগরের চেরাগি পাহাড় ও হেমসেন লেইনের মধ্যবর্তী স্থানে ককটেল বিস্ফোরণে নবম শ্রেণীর ছাত্রী অন্তু ডান চোখে আঘাত পায়। এ সময় সে মায়ের সঙ্গে কোচিং ক্লাসে যাচ্ছিল। এদিকে এর আগে গত ১২ মার্চ নগরের চেরাগি পাহাড় এলাকায় ককটেল বিস্ফোরণে আহত বেসরকারি মেডিকেল কলেজের ছাত্র সুজন চন্দ্র নাথও ডান চোখে আঘাত পান। ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসকেরা তাঁর ডান চোখের অক্ষিগোলক নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন। ব্যয়বহুল চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তাঁর পরিবার। তবে নানা জটিলতায় এখনো পাসপোর্ট হাতে পাওয়া যায়নি।