অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা নিহত ২, আহত ১০
বান্দরবান সদর উপজেলার লুলাইন এলাকায় গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ১০ জন হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন হ্রীমং মারমা (৭০) ও ক্যশৈচিং মারমা (৪৫)। তাঁরা পাড়ার প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের অন্ত্যেষ্টিক্রিয়ায় যাচ্ছিলেন। মারাত্মক আহত ক্যাইংসাউ মারমা (৬৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।বান্দরবান সদর উপজেলার কাইন্তারমুখপাড়ার লোকজন ও পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত দুইটার দিকে কাইন্তারমুখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অং থোয়াই খইন মারমা মারা যান। রোয়াংছড়ি উপজেলা সদরে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণের জন্য একটি চাঁদের গাড়িতে করে সকালে পাড়ার ২০-২৫ জন সেখানে যাচ্ছিলেন। গাড়িটি লুলাইনপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়।বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন জানান, গাড়ির যাত্রীদের সবাই কম-বেশি আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১২ জনকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়।বান্দরবান সদর হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা মংহ্লাপ্রু মারমা জানান, আহত ব্যক্তিদের মধ্যে ক্যশৈচিং মারমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলার সময় মারা যান। আর চট্টগ্রামে নেওয়ার পথে মারা যান হ্রীমং মারমা।