নবম শ্রেণির পর পড়াশোনায় তিনি আর এগোতে পারেননি। এখন বয়স ৩০ বছর। চট্টগ্রাম নগরের হালিশহরের মধ্যম রামপুর এলাকার বাসিন্দা এই যুবক বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে ১০ বছর আগে গাঁজা, ফেনসিডিল ও ইয়াবায় আসক্ত হয়ে পড়েন। তাঁর বিরুদ্ধে মাদকের দুটি মামলাও হয়েছে। এ পর্যন্ত তাঁকে দুবার কারাগারে যেতে হয়েছে। এখন জামিনে আছেন। সর্বনাশা পথ ছেড়ে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরে আসতে হালিশহর থানার পুলিশ কিছুদিন আগে তাঁর সঙ্গে যোগাযোগ করে। একপর্যায়ে মাদক ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।
নতুন করে জীবন শুরু করতে পুলিশের কাছে একটি চাকরি চান। গতকাল সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে একটি পোশাক কারখানায় চাকরির নিয়োগপত্র। মাসিক বেতন ছয় হাজার টাকা। কয়েক দিনের মধ্যে কাজে যোগ দেবেন তিনি। তাঁর মতো আরও দুই যুবকের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। তাঁরাও পোশাক কারখানায় চাকরি পেয়েছেন।
হালিশহরের ওই যুবকের মতো কেউ পাঁচ বছর, কেউবা দশ বছর ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত। আবার কেউ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মামলায় গ্রেপ্তার হয়ে তাঁদের অনেকে কারাভোগ করেছেন। তাঁদের কারও কারও বিরুদ্ধে ১টি থেকে সর্বোচ্চ ১২টি পর্যন্ত মামলা রয়েছে। অন্ধকার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করা ৩০ নারী-পুরুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ। তাঁদের মধ্যে ১৩ জন নারী।
এই ৩০ জনের মধ্যে চাকরি দেওয়া হয়েছে ৩ জনকে। বাকি ২৭ জনকে ২০ হাজার টাকা করে অর্থ-সহায়তা দেওয়া হয়েছে। যাতে এই টাকা দিয়ে তাঁরা ক্ষুদ্র ব্যবসা শুরু করতে পারেন। গতকাল দুপুরে চট্টগ্রাম নগরের জিইসি এলাকার একটি কমিউনিটি সেন্টারে প্রকাশ্যে সবার সামনে আলোর পথে ফিরে আসার ইচ্ছার কথা বলেছেন তাঁরা। অনুষ্ঠানের আয়োজক চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং ও নগর মহাপুলিশ।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ওই ৩০ জনের মতো আর কেউ স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে পুলিশ সাহায্য করবে।
স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করা নারীদের মধ্যে একজন নগরের বায়েজিদ বোস্তামী এলাকার বাসিন্দা। ৪৫ বছর বয়সী এই নারী বলেন, পাঁচ ধরে তাঁর স্বামী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। সংসারে দুই ছেলে এক মেয়ে। বড় ছেলে অসুস্থ। কোনো উপায় খুঁজে না পেয়ে তিনি একজনের কথামতো গাঁজার ব্যবসা শুরু করেন। ছেলে ও তাঁর বিরুদ্ধে এ পর্যন্ত আটটি মামলা হয়েছে। তাঁর ছেলে চারবার গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন। মা-ছেলে দুজনে এখন জামিনে রয়েছেন। গত বৃহস্পতিবার বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মুহসীন তাঁকে থানায় আসতে বলেন। পুলিশের পক্ষ থেকে সহযোগিতা করা হলে মাদক ব্যবসা ছেড়ে দেবেন বলে তিনি অঙ্গীকার করেন।
ওই নারী প্রথম আলোকে বলেন, ‘অনেক বছর ধরে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার চেষ্টা করেছি, পারিনি। আজ থেকে সব বন্ধ। ২০ হাজার টাকা দিয়ে এলাকায় ছোট্ট একটা মুদির দোকান দেব। দোকানে যা আয় হবে, তা দিয়ে চলবে। আর কখনো গাঁজা বিক্রি করব না। সামনে মেয়ের বিয়ে দিতে হবে। এই কাজ করলে মেয়ের বিয়ে দেওয়া কষ্ট হবে। এলাকায় লুকিয়ে লুকিয়ে থাকতাম। এখন মাথা উঁচু করে থাকব।’ যারা ভুল পথে রয়েছে তাদের সবাইকে ফিরে আসার আহ্বান জানান তিনি।
ওসি মোহাম্মদ মুহসীন বলেন, ওই নারী যাতে ব্যবসা করতে পারেন, সে ব্যাপারে তাঁরা সহযোগিতা করবেন। তিনি যেন আবার ভুলপথে চলে না যান, তা-ও নজরদারি করা হবে।