অন্ধকার থেকে আলোর পথে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাদক জীবনকে ধ্বংস করে দেয়। আর মাদক নেব না, মাদকের ব্যবসা করব না। অন্যদেরও মাদক থেকে দূরে থাকতে বলব। এই অন্ধকার জীবন থেকে আমি আলোর পথে ফিরতে চাই।’ গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জ কারাগার থেকে মুক্ত হয়ে কারা ফটকেই সবার সামনে কথাগুলো বলেন দেলোয়ার হোসেন ওরফে দিলন (৪০)। তিনি এক বছর ছয় মাস জেল খেটে মুক্তি পেয়েছেন।দিলন এই অন্ধকার থেকে আলোর পথে ফেরার অঙ্গীকারের পর জেলা প্রশাসক তাঁকে একটি নতুন রিকশা উপহার দেন, যতে তিনি আয়-রোজগার করে সংসার চালাতে পারেন। একই সঙ্গে তিনি সবাইকে মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানান।দিলন জানান, তাঁর বাড়ি সুনামগঞ্জ শহরের ষোলোঘর এলাকায়। সংসারে তাঁর স্ত্রী-সন্তান আছে। দীর্ঘদিন তিনি মাদক সেবন ও ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। এ কারণে কয়েকবার তাঁকে জেলে যেতে হয়েছে। সর্বশেষ এক বছর ছয় মাস কারাভোগ করে গতকাল সকালে তিনি মুক্তি পান। দিলন এ সময় বলেন, ‘আমি বুঝতে পেরেছি, মাদকসেবীদের সবাই ঘৃণা করে। আমি ঘৃণা নিয়ে বাঁচতে চাই না। আমার মতো যারা আছে, তারাও যেন আলোর পথে ফিরে আসে।’রিকশা হস্তান্তরের সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান, জেলা কারাগারের ত্বত্তাবধায়ক মো. জাকের হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. তুরণ মিয়া, বেসরকারি কারাপরিদর্শক নুরুর রব চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। রিকশাটি জেলা সমাজসেবা কার্যালয়ের সৌজন্যে দেওয়া হয়েছে।এ সময় জেলা প্রশাসক ফয়জুর রহমান বলেন, ‘কারাগার হলো সংশোধনের জায়গা। আজ থেকে দিলনের নতুন জীবন শুরু হলো। মাদক ছেড়ে আলোর পথে ফেরার অঙ্গীকার করেছে সে। তাই তাঁকে আমরা উপহার দিয়েছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’