‘আগে মুঠোফোনে শুধু গেমস খেলতে পারতাম। এ উৎসবে এসে ইন্টারনেটের সঙ্গে পরিচিত হয়ে মনে হচ্ছে অন্ধকার থেকে আলোর মুখ দেখতে পেলাম।’ গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে যোগ দিয়ে এভাবেই প্রতিক্রিয়া জানাল সপ্তম শ্রেণীর ছাত্রী আরেফা বেগম।কক্সবাজারের টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শনিবার অনুষ্ঠিত ইন্টারনেট উৎসবে যোগ দেয় স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুলে সপ্তম শ্রেণীর ছাত্রী আরেফা। গতকাল যশোর জিলা স্কুল প্রাঙ্গণেও গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব হয়েছে। যশোরের উৎসবে যোগ দিতে আসা আই-জিনিয়াস প্রতিযোগী মৌমিতা কবির বলে, ‘ইন্টারনেট বলতে আগে শুধু ফেস বুকই বুঝতাম। এখন জানতে পারলাম গুগল বা অপেরা মিনি ব্যবহার করে কীভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তথ্য জানা, দেশ-বিদেশের পত্রিকা পড়া ও ই-মেইলের মাধ্যমে তথ্য আদান-প্রদান করা যায়।’ যশোর শহরের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত দুই হাজার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক গতকাল ইন্টারনেটকে কাজে লাগিয়ে তথ্যপ্রযুক্তির জগৎটাকে জয় করার শপথ নেন। সকাল ১০টায় বন্ধুসভা ও যশোর জিলা স্কুলের শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে যাওয়ার শপথ পাঠের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। শপথ পাঠ করান জিলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম।উদ্বোধনী বক্তব্যে ফরিদুল ইসলাম বলেন, গ্রামীণফোন ও প্রথম আলোর এই উদ্যোগ দক্ষ জনশক্তি গড়তে সহায়তা করবে। প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, ‘ইন্টারনেট আবিষ্কারের ফলে আমরা একটি নতুন পৃথিবীর মুখোমুখি হয়েছি। আঙুলের ডগায় সেই পৃথিবী। ঘরে বসে কম্পিউটারের মাউসে ক্লিক করলেই সেখানে ভ্রমণ করা যায়।’ তিনি বলেন, পরিবর্তিত এ পৃথিবী জ্ঞানভান্ডার বাড়িয়ে দিয়েছে। পরিবর্তিত এ পৃথিবীতে টিকে থাকতে হলে তথ্যপ্রযুক্তি ভালোভাবে জানতে হবে। সাজ্জাদ শরিফ জানান, সারা দেশে ১০১টি স্থানে এ উৎসবের আয়োজন করা হচ্ছে। দুই লাখেরও বেশি শিক্ষার্থী এ আয়োজনের আওতায় আসবে।গ্রামীণফোন খুলনা অঞ্চলের প্রধান তৌহিদুল ইসলাম বলেন, ‘এই উৎসবের মাধ্যমে ইন্টানেটের ব্যবহার সারা দেশে ছড়িয়ে দিতে চাই। যার মাধ্যমে নতুন প্রজন্ম আই জেনারেশন হিসেবে নিজেকে তৈরি করতে পারবে।’গ্রামীণফোনের এক্সিকিউটিভ (ট্রেড মার্কেটিং) কাজী সাইফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম।উৎসবে প্রথম আলো, গ্রামীণফোন, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচেতনতামূলক তিনটি ভিডিওচিত্র দেখানো হয়। উৎসবের মূল আকর্ষণ ছিল আই-জিনিয়াস প্রতিযোগিতা। যশোরের উৎসবে ৯৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে আই-জিনিয়াস নির্বাচিত হন জিলা স্কুলের দশম শ্রেণীর ছাত্র নির্ঝর কুমার রায়।ভারী বৃষ্টিপাত উপেক্ষা করে টেকনাফের উৎসবে যোগ দেয় উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী। তাদের সঙ্গে ছিলেন শিক্ষক ও অভিভাবকেরাও।সকাল সাড়ে ১০টায় টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে চলার শপথের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। শপথবাক্য পাঠ করান প্রধান শিক্ষক আবুল মঞ্জুর। উদ্বোধনী বক্তব্যে আবুল মঞ্জুর বলেন, ‘দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক প্রথম আলো ব্যতিক্রমধর্মী এ উৎসবের আয়োজন করে আবারও পাঠকের মন জয় করেছে।’উৎসবে যোগ দিতে আসা সাবরাং উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী কবির আহমদ, নুরুল আমিন, ফরিদা ইয়াসমিন, খুরশেদা বেগম ও তৈয়ুবা বেগম জানায়, তারা কখনো ইন্টারনেট ব্যবহার করেনি। এখানে এসে ইন্টারনেট সমপর্কে অনেক কিছু জানল। এখন দ্রুতই ইন্টারনেটের ব্যবহার শিখে নেবে।গ্রামীণফোন চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক জহির রায়হান বলেন, ‘শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখে মনটা ভরে গেল। প্রথম আলোকে সঙ্গে নিয়ে এ উৎসবের ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করা হবে।’ শিক্ষার্থীরা করতালি দিয়ে তাঁর বক্তব্যকে সমর্থন জানায়। উৎসবের সঞ্চালনে ছিলেন গ্রামীণফোনের চট্টগ্রামের আরটিএম কো-অর্ডিনেটর আতিকুর রহমান।‘দেখব এবার জগৎটাকে’ স্লোগানে অনুষ্ঠিত আই-জিনিয়াস প্রতিযোগিতায় বিজয়ী হন টেকনাফ ডিগ্রি কলেজের ছাত্র রাশেদুল হাসান। গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের সহযোগী অংশীদার হিসেবে আছে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ কমিপউটার কাউন্সিল এবং ওয়েব দেখার জনপ্রিয় সফটওয়্যার অপেরা মিনি। উৎসবে সার্বিক সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।