অন্ধকারে অরক্ষিত পুঠিয়া রাজবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্নতত্ত্ব বিভাগ রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি প্রায় ১০ মাস আগে দখলে নেওয়ার পর থেকে সেখানে বিদ্যুৎ নেই। ফলে রাতের অন্ধকারে অরক্ষিত থাকছে এই রাজবাড়িটি। মন্দিরগুলো থেকে প্রায়ই চুরি হচ্ছে মূল্যবান টেরাকোটাশিল্প।
প্রত্নতত্ত্ব বিভাগ সূত্র জানায়, রাজবাড়িটি ১৯৭৫ সালে অধিগ্রহণ করা হয়। কিন্তু ১৯৭৩ সাল থেকে রাজবাড়িটি লস্করপুর মহাবিদ্যালয় নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করত। প্রায় ১০ মাস আগে কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে প্রত্নতত্ত্ব বিভাগ রাজবাড়িটি দখলে নেয়। এ রাজবাড়ির আঙিনায় ১০টি অপূর্ব কারুকার্যখচিত মন্দির রয়েছে। এগুলো হচ্ছে: দোলমন্দির, রথমন্দির, শিবমন্দির, কালীমন্দির, গোপাল মন্দির, ছোট গোবিন্দ মন্দির, বড় আহ্নিক মন্দির, ছোট শিবমন্দির, বড় গোবিন্দ মন্দির ও ছোট আহ্নিক মন্দির।
পুঠিয়া পর্যটন নগর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নূরুল আমিন জানান, এখানে ১৯টি মন্দির ছিল। এর মধ্যে পরিচর্যার অভাবে নয়টি মন্দির ধ্বংস হয়ে গেছে। রাজবাড়ির চারপাশঘিরে নিরাপত্তাচৌকি খনন (দিঘির মতো) করা আছে। এই দিঘির আয়তন প্রায় ৩০ একর। এ ছাড়া আছে ছয় একর আয়তনের একটি শ্যাম সাগর। প্রতিদিন দেশি-বিদেশি তিন শতাধিক পর্যটক এখানে আসেন। কিন্তু অযত্ন-অবহেলায় ও সংস্কারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে এই অমূল্য প্রত্নসম্পদ।
ছোট গোবিন্দ মন্দিরের প্রধান ফটকের ওপরে বাঁ পাশে রয়েছে রাম-রাবণ যুদ্ধের খণ্ডচিত্র, ডানে রয়েছে রামায়ণ-মহাভারতের ইতিহাস নিয়ে তৈরি টেরাকোটার চিত্র। এর মাঝখানে ছিল কুরুক্ষেত্রের যুদ্ধের চিত্র যা ইতিমধ্যে চুরি হয়ে গেছে। এ ছাড়াও এই মন্দিরের দুই কোণা থেকে মূল্যবান টেরাকোটা চুরি হয়ে গেছে। প্রত্নতত্ত্ব বিভাগ থেকে নিয়োজিত কয়েকজন তত্ত্বাবধায়ক বলেন, এই মন্দিরের ১৯৫টি টেরাকোটা নকশা চুরি হয়ে গেছে। এই মন্দিরের পাশেই রয়েছে বড় আহ্নিক মন্দির। এর এক কোণা থেকে চুরি হয়ে গেছে টেরাকোটা। পাঁচ আনার রাজার অন্দর মহলে রয়েছে একটি ছোট আহ্নিক মন্দির। এই মন্দির থেকে প্রায় ৫০টির মতো নকশা খোয়া গেছে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, লস্করপুর ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ যখন রাজবাড়িটি ব্যবহার করত তখন রাতের বেলায় আলোর ব্যবস্থা ছিল। প্রত্নতত্ত্ব বিভাগ এটি নেওয়ার পর থেকে এখানে কোনো আলো জ্বলে না। তবে ১০ দিন আগে বৈদ্যুতিক সংযোগ ছাড়াই একটি মিটার বসানো হয়েছে।
রাজবাড়ির তত্ত্বাবধায়ক মাহাবুবুর রহমান জানান, রাতে একজন পাহারাদার রাজবাড়ির দায়িত্বে থাকেন। কিন্তু অন্ধকারে বসে পাহারা দেওয়া না-দেওয়া সমান কথা।
পুঠিয়া পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক মজিবুল হক জানান, তাঁরা একটা আবেদন পেয়েছেন। সব প্রস্তুতি নিয়ে রেখেছেন, কিন্তু প্রত্নতত্ত্ব বিভাগ যোগাযোগ করছে না।
প্রত্নতত্ত্ব বিভাগের আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক বদরুল আলম সম্প্রতি অবসর নিয়েছেন। বিদ্যুতের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ওয়্যারিংয়ের জন্য সংযোগ দিতে পারছে না—বিষয়টি বিদ্যুৎ বিভাগের কেউ তাঁকে জানাননি। এ ছাড়া পুরাকীর্তির দেয়াল খুঁড়ে তাঁরা ওয়্যারিং করতে পারবেন না।