উদ্বোধনের চার মাস পরও ইস্কাটন থেকে মৌচাকমুখী উড়ালসড়কটিতে নেই কোনো আলো। বাতি না জ্বলায় যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। একমুখী এই উড়ালসড়কে মোটরসাইকেল, অটোরিকশা এমনকি বাসও উল্টো পথে চলে হরদম। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সংযোগ দিতে দেরি করছে।
গত শুক্রবার রাত আটটা। অন্ধকার উড়ালসড়কের ইস্কাটন অংশ দিয়ে ঢুকলেন বাসচালক রতন মিয়া। কিছু দূর এগোতেই দেখতে পেলেন একটি অটোরিকশা ও তিন পথচারী। এদের বাঁয়ে রেখে এগোতেই উল্টো দিক থেকে আসা আরেকটি বাস ও এর পেছনে একটি আলোবিহীন মোটরসাইকেলের মুখোমুখি। বাঁয়ে পথচারীদের ঘেঁষে কোনোমতে সামলে নিলেন রতন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ফ্লাইওভারে নাই আলো। তার ওপরে উল্টো দিক দিয়া আহে বাস, হুন্ডা। এক্সিডেন্ট হইতে কতক্ষণ।’
এক কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভারটি মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের একটি অংশ। মালিবাগ, মৌচাক, মগবাজার, ইস্কাটনসহ বিশাল একটি এলাকার সড়ক যোগাযোগের উন্নয়নের জন্য এই উড়ালসড়ক নকশা করা হয়েছে। এতে প্রতি মিটারে ব্যয় হয়েছে সাড়ে ১৩ লাখ টাকা। গত ১৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন উড়ালসড়কটির ইস্কাটন অংশের উদ্বোধন করেন।
উদ্বোধনের চার মাস পার হয়ে গেলেও এতে কোনো আলো নেই। আলো না থাকায় এই উড়ালসড়কে যানবাহনগুলো চলাচল করতে সমস্যায় পড়তে হয়। গত দুই সপ্তাহে ঘুরে দেখা যায়, উড়ালসড়কে ঢোকার মুখেই অন্ধকার। সড়কের পাশে লাইটপোস্ট আছে। বাতিও আছে। তবে সেগুলো জ্বলে না। কিছু দূর গেলেও একই অবস্থা। উড়ালসড়কের মাঝখানও অন্ধকার। এর কিছু দূর পর আরেকটি সড়ক সাতরাস্তা থেকে উড়ালসড়কে এসে যুক্ত হয়েছে। চারজন চালকের সঙ্গে কথা বলে জানা যায়, উড়ালসড়কের এই অংশটি সবচেয়ে বিপজ্জনক।
খানিকটা এগোলে দেখা যায়, আশপাশের ভবন, ভবনের সাইনবোর্ড আর নিচের রাস্তা থেকে কিছুটা আলো আসছে। মৌচাকমুখী এই উড়ালসড়ক গিয়ে শেষ হয়েছে মগবাজার ওয়্যারলেস গেট মোড়ের আগে। শেষে নামার পথটাও একই রকম অন্ধকার।
উড়ালসড়কটি একমুখী। তবে নিয়ম ভেঙে উল্টো পথের বাস, মাইক্রোবাস, স্কুটার ও মোটরবাইকও চলে। ফলে যেকোনো মুহূর্তে ঘটতে পারে সড়ক দুর্ঘটনা। উড়ালসড়কটির নিচের রাস্তা ভাঙাচোরা হওয়ায় ইস্কাটন ও মগবাজারে যাতায়াত করতে অনেক পথচারীকে দেখা যায় উড়ালসড়কে উঠতে। সিএনজিচালিত অটোরিকশাচালক রহমান প্রথম আলোকে বলেন, ‘ফ্লাইওভারডা উঠতে উচা আবার নামতে ঢালু। মাঝ দিয়া আরেকটা রাস্তা বাইক্কা আইছে। এর উপরে আবার নাই আলো। মানুষও হাঁটে। লাইট না দিলে এইডি বানাইয়া লাভ কী?’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার ইহসান উল ফেরদৌস প্রথম আলোকে বলেন, উল্টো পথে গাড়ি চলার অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হয়। তিন সপ্তাহ আগে এক নাগরিকের মুঠোফোনে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছিল। লাইটের ব্যাপারে সিটি করপোরেশনকে জানানো হয়েছে।
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি নগর ও পরিকল্পনাবিদ স্থপতি মোবাশ্বের হোসেন প্রথম আলোকে বলেন, আলোযুক্ত শহরের মাঝখানে এই ফ্লাইওভারটি আলোবিহীন হয়ে আছে। আলো না থাকা মানে সেখানে ছিনতাইয়ের ঘটনার মতো ক্রাইম ঘটতে পারে। যেহেতু উড়ালসড়ক উদ্বোধন করা হয়েছে, সেহেতু সম্পূর্ণ কাজটাই করা উচিত। অর্ধেকটুকু কাজ করা হবে কেন। সড়কবাতি তো আছেই, সংযোগ দিতে কয় দিন লাগে?
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রথম আলোকে বলেন, উড়ালসড়কে বাতি রয়েছে। তবে তাতে সংযোগ নেই। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এখনো সংযোগ দেয়নি বলে আলো জ্বলছে না। ডিপিডিসিকে বিদ্যুৎ-সংযোগের ব্যাপারে আবেদন করে জানানো হয়েছে। কোনো লাভ হয়নি। বিদ্যুৎ-সংযোগের জন্য তিনি ছয় মাস ধরে ঘুরছেন বলে জানান।