অন্ধকারে ঘামেন রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তর্বিভাগের তিনটি ওয়ার্ডের অধিকাংশ বৈদ্যুতিক পাখা ও বাতি নষ্ট হয়ে যাওয়ায় রোগীদের কষ্ট চরমে পৌঁছেছে। প্রায় তিন সপ্তাহ ধরে গরমে রোগীরা গলদঘর্ম হলেও বৈদ্যুতিক পাখা সচল ও বাতি লাগানোর ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। শিশু ওয়ার্ডের রোগী তসলিম উদ্দিন (১৩) জানায়, গরমে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ২৯ মে হাসপাতালে ভর্তি হয় সে। কিন্তু বৈদ্যুতিক পাখা অচল থাকায় শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। ওয়ার্ডে দুটি টিউবলাইটের একটিও জ্বলে না। রোগীরা নিজের টাকায় মোমবাতি কিনে জ্বালান। রোগীরা অভিযোগ করেন, স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ও মহিলা ওয়ার্ডের বৈদ্যুতিক পাখা ও বাতি নষ্ট হলেও নার্স ও চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীদের বসার কক্ষের পাখা ঠিকই চলে, বাতিও জ্বলে। গত সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, শিশু ও মহিলা ওয়ার্ডে নয়টি এবং পুরুষ ওয়ার্ডে আটটি পাখা রয়েছে। এর মধ্যে শিশু ওয়ার্ডে দুটি, মহিলা ওয়ার্ডে তিনটি ও পুরুষ ওয়ার্ডে চারটি পাখা সুইচ টিপলে চলে। কিন্তু সুইচগুলো এতই জরাজীর্ণ যে শক খাওয়ার ভয়ে রোগীরা সুইচগুলোতে হাত দিতে চান না। সুইচ দিলেও পাখার শব্দে রোগীরা অতিষ্ঠ হয়ে পড়েন। ফলে অধিকাংশ সময়ই পাখাগুলো বন্ধ থাকে। এ ছাড়া পুরুষ ওয়ার্ডে চারটি টিউবলাইটের মধ্যে একটি ও মহিলা ওয়ার্ডে চারটির মধ্যে দুটি টিউবলাইট জ্বলে। শিশু ওয়ার্ডে চারটি টিউবলাইটের একটিও জ্বলে না। এ প্রসঙ্গে নার্স সুপারভাইজার গীতাশ্রী রায় বলেন, এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তাকে জানানোর পরও কোনো সুরাহা হচ্ছে না।’ রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা বিজনকান্তি বিশ্বাস বলেন, নতুন পাখা লাগানোসহ হাসপাতালের বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সংস্কার না হলে এ সমস্যার সমাধান হবে না। তবে হাসপাতাল ভবন সংস্কারের জন্য চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় থেকে ইতিমধ্যে ২৫ লাখ টাকা বরাদ্দ মিলেছে। কবে নাগাদ সংস্কারকাজ শুরু হবে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।