কক্সবাজারের বিচ্ছিন্ন দ্বীপ কুতুবদিয়ার সঙ্গে পেকুয়া উপজেলার যোগাযোগের মাধ্যম সাগর চ্যানেল দিয়ে নৌকায়। দিনের বেলায় যেমন-তেমন, অন্ধকার রাতে যাত্রীদের ঝুঁকি নিয়ে এপার-ওপার হতে হয়। কারণ, দুই পারের জেটিতে আলোর কোনো ব্যবস্থা নেই। সাগর চ্যানেলেও পুঁতে রাখা হয়েছে কয়েক শ নিষিদ্ধ মাছ ধরার বিহিঙ্গি জাল। এ কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পেকুয়া উপজেলার মগনামা জেটিঘাটে গিয়ে দেখা গেছে, নারী, পুরুষ, শিশুসহ বিভিন্ন বয়সী লোকজন ডিঙ্গি নৌকা নিয়ে সাগর চ্যানেল পাড়ি দিয়ে কুতুবদিয়া যাচ্ছে। একইভাবে কুতুবদিয়া থেকে লোকজন পেকুয়া আসছে। প্রতিদিন গড়ে কয়েক হাজার মানুষ আসা-যাওয়া করেন। তিন বছর আগে এই চ্যানেলে ফেির সার্ভিস চালু থাকলেও এখন বন্ধ৷
কুতুবদিয়ার আলী আকবর ডেইল গ্রাম থেকে নৌকায় করে অসুস্থ মা লতিফা খাতুনকে মগনামা জেটিঘাটে নিয়ে আসেন ছেলে মো. হাসান (৩২)। এরপর বাসের জন্য তাঁর দীর্ঘ অপেক্ষা।
মো. হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, কুতুবদিয়া থেকে সাগর চ্যানেল পাড়ি দিতেই তাঁর তিন ঘণ্টা সময় চলে গেছে। পর্যাপ্ত নৌকা না থাকায় রোগী নিয়ে তাঁকে দীর্ঘক্ষণ বসে থাকতে হয়েছে।
আরিফুর রহমান নামের আরেক যাত্রী জানান, কুতুবদিয়া হাসপাতালে একজন চিকিৎসক। উন্নত স্বাস্থ্যসেবা সেখানে পাওয়া যায় না। তাই রোগীদের চিকিৎসার জন্য দ্রুত কক্সবাজার ও চট্টগ্রাম শহরে নিতে হয়। দিনের বেলায় রোগী নিয়ে এই সাগর চ্যানেল পার হওয়া গেলেও সন্ধ্যার পর ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়।
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং গ্রামের বাসিন্দা আলাউদ্দিন (৪০) বলেন, তিনি সপরিবারে চট্টগ্রাম শহরে বসবাস করেন৷ সপ্তাহের দুই দিন তিনি বাড়িতে যান। প্রতিবার চট্টগ্রাম থেকে মগনামা জেটিঘাট পৌঁছতে তাঁর সন্ধ্যা হয়ে যায়৷ কিন্তু জেটিতে বাতির ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে নৌকায় ওঠা-নামা করতে হয়। বিশেষ করে নারী-শিশুদের ঝুঁকি নিয়ে চ্যানেল পারাপার করতে হচ্ছে৷ চ্যানেলে পুঁতে রাখা জালে নৌকা আটকিয়ে উল্টে গেলে বহু মানুষের প্রাণহানি ঘটবে।
জেটিঘাটে বাতি জ্বালানো প্রসঙ্গে জানতে চাইলে ইজারাদার মো. দিদারুল ইসলাম জানান, এক মাস আগে তিনি নিজের উদ্যোগে একটি জেনারেটরের মাধ্যমে আলোর ব্যবস্থা করেছিলেন৷ কিন্তু এখন তা বন্ধ৷
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রশিদ বলেন, কুতুবদিয়া দ্বীপের কোথাও বিদ্যুৎ নেই, জেটিঘাটে আলো আসবে কোথা থেকে? তবে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেনারেটর অথবা সৌরবিদ্যুৎ দিয়ে জেটিঘাট আলোকিত রাখার চেষ্টা চলছে৷
পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাফায়েত আজিজ বলেন, প্রায় তিন বছর আগে জেলা পরিষদ মগনামা জেটিঘাটে একটি সৌরবিদ্যুৎ লাগিয়েছিল। এখন সেটি নষ্ট হয়ে গেছে। শিগিগরই আরেকটি সৌরবিদ্যুতের সোলার লাগানো হবে।