অন্ধকারে ডুবে থাকে তুলসীখালী সেতু
কেরানীগঞ্জ উপজেলার লাকিরচর এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত তুলসীখালী সেতু রাতের বেলা অন্ধকারে থাকছে। সেখানে লাগানো অর্ধশতাধিক বাতি জ্বলছে না। এ কারণে সন্ধ্যার পর থেকে সেতুটি মাদকসেবীদের আড্ডায় পরিণত হচ্ছে। রাতে সেতুর ওপরে ছিনতাইও হচ্ছে।
জানা গেছে, ২০০৫ সালের ৫ অক্টোবর ধলেশ্বরী নদীর ওপর তুলসীখালী সেতুটি নির্মাণ করা হয়। সন্ধ্যায় যানবাহন ও যাত্রীদের চলাচলের সুবিধার্থে সেতুর উভয় পাশে অর্ধশতাধিক বাতি লাগানো হয়। সেতু নির্মাণের প্রায় বছর খানেকের মধ্যে বৈদ্যুতিক খুঁটি থেকে রাতের আঁধারে কে বা কারা বাতিগুলো খুলে নিয়ে যায়। এরপর থেকে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ বাতির ব্যবস্থা করেনি।
গত রোববার বিকেলে কেরানীগঞ্জের লাকিরচর এলাকায় তুলসীখালী সেতুতে গিয়ে দেখা গেছে, সেতুর উভয় পাশে অর্ধশতাধিক বৈদ্যুতিক খুঁটি থাকলেও সেগুলোতে বাতি নেই। এর মধ্যে ২-৩টি খুঁটি ও বাতি থাকলেও তা ভাঙা অবস্থায় পড়ে আছে। সন্ধ্যা গড়াতেই ১৫-২০ জন যুবক কয়েকটি মোটরসাইকেলে এসে সেতুর মাঝ প্রান্তে বসে আড্ডা দিচ্ছেন। তাঁদের মধ্যে অনেকে গাঁজা সেবন করছেন। সন্ধ্যার পর এসব এলাকা ভুতুড়ে অবস্থার সৃষ্টি হয়।
লাকিরচর এলাকার বাসিন্দা কেরামত আলী (৫২) জানান, ২০০৫ সালে সেতুটি উদ্বোধনের বছর খানেকের মধ্যে রাতের আঁধারে চোর ও বখাটেরা বাতিগুলো খুলে নিয়ে গেছে। এর মধ্যে ৩-৪টি বাতির খুলতে না পারার পর চোর ও বখাটেরা ঢিল মেরে বাতিগুলো নষ্ট করে দিয়েছে। জনগণের স্বার্থে সেতুর বাতিগুলো মেরামত করা প্রয়োজন।
একই এলাকার ভ্যানচালক ইসহাক মিয়া (৩৮) জানান, সেতুতে বাতি না থাকায় সন্ধ্যার পর সেতুতে বখাটেরা আড্ডা দেয়। এ ছাড়া প্রতিনিয়ত সেখানে চলে গাঁজাসহ মাদকসেবীদের আড্ডা।
তুলসীখালী এলাকার গৃহবধূ মিনারা বেগম (৪০) জানান, ‘সেতু তৈরির পর আমরা বিকেল ও সন্ধ্যায় পরিবার-পরিজন নিয়ে সেতুতে বেড়াতে যেতাম। সেখানে বাতি না থাকায় এখন আর সেখানে যায় না।’
ঢাকা-নবাবগঞ্জ সড়কে চলাচলকারী যমুনা পরিবহনের চালক ইমতিয়াজ মিয়া (৪৮) জানান, অন্ধকারে গাড়ি চালানোর কারণে অনেক সময় দুর্ঘটনার ঝুঁকি থাকে। অতিসত্বর বাতিগুলো সংস্কার করে জ্বালানোর ব্যবস্থা করার জন্য দাবি জানান তিনি।
মুন্সিগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদ বলেন, তুলসীখালী সেতুর বৈদ্যুতিক খুঁটি ও বাতিগুলো অতিসত্বর সংস্কার করা হবে।