রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতা করে ঢাকায় এক সেমিনারে আলোচকেরা এ ব্যাপারে ‘গণভোট’ দিতে বলেছেন প্রধানমন্ত্রীকে। প্রকল্পটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে তাঁরা বলেন, প্রয়োজনে অন্ধকারে থাকব—তারপরও সুন্দরবন চাই।
আজ শুক্রবার পুরানা পল্টনের পারস হোটেলে ‘রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র বন্ধের প্রয়োজনীয়তা: হুমকির মুখে সুন্দরবন’ শীর্ষক সেমিনারে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকীসহ বিশিষ্ট নাগরিকেরা এসব কথা বলেন। বিএনপি-সমর্থক পেশাজীবীদের সংগঠন ‘শত নাগরিক কমিটি’-এর আয়োজন করে।
বিকল্পধারা সভাপতি বদরুদ্দোজা চৌধুরী রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করে বলেন, এতে যদি ক্ষতি না-ই হতো, তাহলে পশ্চিমবঙ্গে সুন্দরবনের ওই অংশে কেন এ ধরনের প্রকল্প নেওয়া হয়নি? কেন ভারতের এ ধরনের দুটি প্রকল্প বাতিল করা হয়েছে। এতে বোঝা যায়, এটাতে কিছু একটা আছে।
রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে জাতিসংঘের ইউনেসকো প্রতিবেদনের উল্লেখ করে বি চৌধুরী বলেন, ইউনেসকো কারও ক্ষতি করতে চায় না। বিশ্বের সব জায়গায় ঐতিহ্য সংরক্ষণের জন্য তারা নিজেদের পয়সা পর্যন্ত খরচ করে। ইউনেসকো বলেছে, সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। এত বড় সতর্কতার পরও সরকার বলছে, কাজ চালিয়ে যাবে। এটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। তিনি প্রধানমন্ত্রীকে ভেবেচিন্তে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
জাফরুল্লাহ চৌধুরী রাপমালের পরিবর্তে বাংলাদেশের পূর্ব সীমান্ত নেত্রকোনার কামালপুর অথবা সুসং দুর্গাপুর এলাকায় বিদ্যুৎকেন্দ্র করার পরামর্শ দেন। এতে ভারতের আসাম, মনিপুরসহ সাত রাজ্যের উন্নয়নের জোয়ার বইবে বলে মন্তব্য করেন তিনি।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, ‘বিদ্যুৎকেন্দ্র ৩০টা করা যাবে, তার জন্য কমিশনও নেওয়া যাবে। কিন্তু সুন্দরবন পাওয়া যাবে না। যদি প্রস্তাব আসে, সুন্দরবন চাই; না বিদ্যুৎকেন্দ্র চাই। তাহলে বলব, ১০০ বার সুন্দরবন চাই। আমরা অন্ধকারে থাকব, কিন্তু সুন্দরবন চাই। আমরা বাঁচতে চাই। কারণ, আমরা ১৬ কোটি মানুষ যে কার্বন ডাই-অক্সাইড ছাড়ি, মনে হয় আমরা বাঙালিরা পৃথিবীর সবচেয়ে বেশি কার্বন ডাই-অক্সাইড ছাড়ি।’
কাদের সিদ্দিকী সরকারের উদ্দেশে বলেন, ‘যদি কমিশন আপনাদের পাওয়ার থাকে, নিয়ে নিন। কমিশন নিয়ে অন্যখানে করেন। কিন্তু যে প্রকল্প ভারতে হতে দেয়নি, সেটা আমরা কেন করব? অন্যের চাটা মাল আমরা কেন খাব। বাঙালিরা কখনো উচ্ছিষ্টভোগী নয়।’
সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ সুন্দরবনকে ‘জাতীয় প্রহরী’ অভিহিত করে বলেন, ‘ঝড়-জলোচ্ছ্বাসে সুন্দরবন আমাদের প্রহরীর মতো রক্ষা করে। এ বন ক্ষতিগ্রস্ত হোক, তা কেউ চায় না।’
সাবেক উপাচার্য আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন, সব মহল থেকে বিরোধিতা করা হলেও মনে হচ্ছে পরিকল্পিতভাবে সুন্দরবনকে ধ্বংস করতেই রামপালে বিদ্যুৎকেন্দ্র করা হচ্ছে। এটি নিজের দেশের ক্ষতি করে প্রভুকে খুশি করার চেষ্টা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জলবায়ু বিশেষজ্ঞ মো. আশরাফ উদ্দিন। আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, সেভ দ্য সুন্দরবনের আহ্বায়ক শেখ ফরিদ উদ্দিন, শত নাগরিক কমিটির সদস্যসচিব আবদুল হাই শিকদার প্রমুখ।