অন্ধকারে নিমজ্জিত পুরো শেরপুর
শেরপুরে ঝড়ে বিদ্যুতের খুঁটির ওপর একটি বিশালাকৃতির শিশু গাছ পড়ে যাওয়ায় বেশ কয়েক ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে পুরো জেলা এখন অন্ধকারে নিমজ্জিত। রোববার রাত দশটার দিকে শেরপুরের সদর উপজেলার গাজীরখামার এলাকায় অবস্থিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) ১৩২ কেভি গ্রিড উপ-কেন্দ্রসংলগ্ন একটি খুঁটিতে এ ঘটনা ঘটে।
বিউবো, শেরপুর বিতরণ বিভাগ সূত্রে জানা গেছে, রোববার রাত দশটার দিকে সদর উপজেলার গাজীরখামার এলাকার ওপর দিয়ে ঝড় বয়ে যায়। ঝড়ে ১৩২ কেভি গ্রিড উপ-কেন্দ্রসংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটির ওপর একটি শিশু গাছ ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ তিন ঘণ্টা ধরে পুরো জেলা অন্ধকারে নিমজ্জিত রয়েছে। বিদ্যুৎ না থাকায় জেলার সাত শতাধিক চালকলে উৎপাদন বন্ধ রয়েছে। প্রচণ্ড গরমে হাসপাতালগুলোয় ভর্তি হওয়া রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. আনিসুর রহমান রোববার রাতে প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় হাসপাতালের রোগীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।’
বিউবো, শেরপুর বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী বরুণ ব্যানার্জী আজ সোমবার রাত একটায় প্রথম আলোকে জানান, বিদ্যুতের খুঁটি থেকে গাছটি অপসারণের জন্য কাজ চলছে। গাছটি অপসারণের পর যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ আবার চালু করা হবে।