রাজধানীর কদমতলীতে তিন তরুণ খুনের ঘটনার কোনো সূত্র খুঁজে পায়নি পুলিশ। তবে এক তরুণকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তিন খুনের এই ঘটনায় কোনো মামলা হয়নি।গত সোমবার রাজধানীর নামাশ্যামপুরের পশ্চিম মোহাম্মদবাগের একটি নর্দমা থেকে তিন তরুণের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন মোহাম্মদ জনি (২২), হাসান নাবিল (১৭) ও বাবু (২১)। নিহত জনি ও বাবু সহোদর।পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার গাজী মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, নিহত তরুণেরা অপরাধমূলক কাজে জড়িত ছিলেন। তাঁরা সন্ত্রাসী শাহীন গ্রুপের সদস্য ছিলেন বলেও তথ্য আছে। ইব্রাহিম নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার রাতেই আটক করা হয়েছে।এদিকে গতকাল বিকেলে ময়নাতদন্তের পর নিহত তরুণদের লাশ নিয়ে গেছে তাঁদের স্বজনেরা। নিহত জনি ও বাবুর লাশ বুঝে নেন তাঁদের মামা সানাউল্লাহ।সানাউল্লাহ প্রথম আলোকে বলেন, জনি নামাশ্যামপুরে একটি রডের কারখানায় এবং বাবু একটি বৈদ্যুতিক পাখা তৈরির কারখানায় কাজ করতেন। তাঁদের গ্রামের বাড়ি যশোরে। বাবার নাম নাজমুল হোসেন। ছোটবেলায় তাঁদের মা মারা যান। বাবাও অন্যত্র বিয়ে করেন। এর পর থেকে ওই দুই ভাই ঢাকাতেই ভাসমান হয়ে থাকতেন।পুলিশ জানিয়েছে, স্থানীয় একটি চায়ের দোকানে বসে রাতে আড্ডা দিয়েছিলেন জনি, বাবুসহ তিন তরুণ। তাঁরা কী আলোচনা করেছিলেন তা জানতে ওই চায়ের দোকানিকে খোঁজা হচ্ছে। হত্যাকাণ্ডের পর থেকেই ওই দোকানদারের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিহত বাবুর বন্ধু ইব্রাহিমের কাছ থেকে তথ্য আদায়ের চেষ্টা চলছে। তবে ইব্রাহিম এখন পর্যন্ত কিছু বলেননি।কদমতলী থানার পুলিশ জানিয়েছে, গতকাল সন্ধ্যা পর্যন্ত কেউ মামলা করেনি। তবে পুলিশ স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছে। লাশ দাফন শেষে তাঁরা থানায় এসে মামলা করবেন বলে পুলিশকে জানিয়েছেন।