অন্ধকারে পুলিশ, প্রত্যক্ষদর্শী থাকলেও জানে না সিআইডি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন কোর্সের ছাত্র নাজিম উদ্দিনের হত্যাকারীদের সম্পর্কে এখনো অন্ধকারে পুলিশ। এক মাস তদন্ত করেও পুলিশ হত্যাকাণ্ডের কোনো কূলকিনারা করতে পারেনি। অধিকতর তদন্তের জন্য মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে। কিন্তু ঘটনার যে একজন প্রত্যক্ষদর্শী আছেন, সে সম্পর্কেই অবগত নন সিআইডির দায়িত্বপ্রাপ্ত মামলাটির তদন্ত কর্মকর্তা।
গত ৬ এপ্রিল রাতে ক্লাস শেষে পুরান ঢাকার গেন্ডারিয়ার বাসায় ফেরার পথে একরামপুর মোড়ে হামলার শিকার হন নাজিম। দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরদিন পুলিশ বাদী হয়ে সূত্রাপুর থানায় একটি মামলা দায়ের করে। গত ২৭ এপ্রিল মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। মামলাটি এখন তদন্ত করছেন সিআইডির পরিদর্শক মো. শাজাহান।
তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে শাজাহান প্রথম আলোকে বলেন, ‘মামলা হস্তান্তরের পর থেকেই আমাদের কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত পুলিশের তদন্ত ও ছায়া তদন্তে পাওয়া তথ্যগুলো পর্যালোচনা করে দেখা হয়েছে।’ এ ধরনের ঘটনার প্রত্যক্ষদর্শী থাকলে তদন্তে সুবিধা হতো বলে তিনি জানান।
কিন্তু প্রথম আলোর অনুসন্ধানে ঘটনার একজন প্রত্যক্ষদর্শী পাওয়া গেছে। তিনিও নাজিমের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সন্ধ্যাকালীন কোর্সে পড়তেন। নিরাপত্তার জন্য তিনি গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।
নাজিমের বন্ধুরা জানিয়েছেন, ঘটনার সময় নাজিমের সঙ্গে তাঁদের এক সহপাঠী ছিলেন। তাঁর সামনেই নাজিমকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। পরে ওই সহপাঠীর এক খুদে বার্তার মাধ্যমে অন্যরা হত্যাকাণ্ডের খবর পান। খুদে বার্তাটি প্রথম আলোর সংগ্রহে রয়েছে। ওই বার্তায় বলা হয়েছে, ‘নাজিম ভাইকে লক্ষ্মীবাজারের কাছে কে যেন অ্যাটাক করছে ও গুলি করছে। আমি সাথেই ছিলাম, দৌড়ে পালাইছি।’
গতকাল বুধবার সন্ধ্যায় নাজিমের এক বন্ধু প্রথম আলোকে বলেন, ঘটনার পর ওই প্রত্যক্ষদর্শী মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি আর ক্লাসেও আসেন না। সবাইকে এড়িয়ে চলেন।
সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক করে গত ফেব্রুয়ারি মাসে ঢাকায় এসেছিলেন নাজিম। সিলেটে গণজাগরণ মঞ্চের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ফেসবুকে জঙ্গিবাদ, ধর্মান্ধতাসহ বিভিন্ন ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সরব ছিলেন নাজিম। তাঁর স্বজনদের দাবি, এসব কারণেই ক্ষিপ্ত হয়ে কেউ তাঁকে হত্যা করতে পারে। হত্যাকাণ্ডের পর পুলিশও এমন ধারণা করেছিল।
এরপর প্রায় ২০ দিন হত্যাকাণ্ডটির তদন্ত করে পুলিশ। ২০ দিনের তদন্তে কী পাওয়া গেছে, জানতে চাইলে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘হত্যাকারীদের ধরতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু হত্যাকারীদের সম্পর্কে কোনো “সূত্র” (ক্লু) উদ্ধার করতে পারিনি। তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না থাকায় মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয় বলে ওসি জানান।
এদিকে সিআইডির পরিদর্শক মো. শাজাহান বলেন, ব্লগার নীলাদ্রি ও কলাবাগানের জোড়া হত্যাকাণ্ডের ধরনের সঙ্গে নাজিম হত্যাকাণ্ডের ধরনে মিল আছে। একটি ঘটনার হত্যাকারীদের শনাক্ত করা সম্ভব হলে নাজিম হত্যাকারীদেরও খুঁজে বের করা যাবে।