অন্ধজনে দেহ বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বইমেলায় কি এখন ভাটার টান লেগেছে? সন্ধ্যায় বসন্তের মাতাল সমীরণ গায়ে মাখা মানুষগুলোর সেকি তাড়া! এই স্টল, ওই প্যাভিলিয়নের সামনে বই দেখা, কেনা ছাড়া অন্য কাজে কারও যেন সময় নেই।

সফলদের স্বপ্নগাথা বাংলাদেশের নায়কেরা সম্পাদক মতিউর রহমান, কিশোরসমগ্র শামসুজ্জামান খান, শামসুদ্‌দীন আবুল কালাম তঁার অপ্রকাশিত চিঠি ও স্মৃতি পূরবী বসু, গোয়েন্দা কিশোর মুসা রবিন ডাইনির শহর রকিব হাসান, শিশুর কোন অসুখে কী করণীয় ডা. প্রণব কুমার চৌধুরী, জিংহোং ময়ূরের গ্রাম শাকুর মজিদ
সফলদের স্বপ্নগাথা বাংলাদেশের নায়কেরা সম্পাদক মতিউর রহমান, কিশোরসমগ্র শামসুজ্জামান খান, শামসুদ্‌দীন আবুল কালাম তঁার অপ্রকাশিত চিঠি ও স্মৃতি পূরবী বসু, গোয়েন্দা কিশোর মুসা রবিন ডাইনির শহর রকিব হাসান, শিশুর কোন অসুখে কী করণীয় ডা. প্রণব কুমার চৌধুরী, জিংহোং ময়ূরের গ্রাম শাকুর মজিদ

পেরিয়ে গেছে অমর একুশে। ফেব্রুয়ারির ২৩টি দিনও বিদায় নিল। অধিকাংশ বইও এর মধ্যে এসে যায়। বেচাকেনা, মোড়ক উন্মোচন নিয়ে সরগরম পরিবেশ। তার মধ্যেও কোথায় যেন বাজছিল বিদায়ের বিষণ্নতা। নির্ধারিত পুরস্কারগুলো ঘোষণা দিল যে যার মতো। তার মানে, শেষ হয়ে এল বই নিয়ে মাসব্যাপী মহাযজ্ঞ।
আজ ফেব্রুয়ারির শেষ শুক্রবার সকাল থেকেই দ্বার খোলা থাকবে অমর একুশে গ্রন্থমেলার। শেষ দিকে এসে বিক্রি বেড়েছে, আজ আরও বাড়বে বলেই আশা করছেন প্রকাশকেরা।
‘স্পর্শ ব্রেইল’ থেকে প্রকাশিত হলো আটটি নতুন বই
ভাঙনের সুর সব সময় বেদনারই হয়। কিন্তু কাল একটি দৃশ্য দেখা গেল মেলায়, যা মুহূর্তে মন ভালো করে দেয়। ঘটনাটা ঘটেছে মেলার বাংলা একাডেমি অংশে। কবি শামসুর রাহমান মিলনায়তনে।
স্পর্শ ব্রেইল প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে আটটি নতুন বই। বইগুলোর মধ্যে রয়েছে ঈশপের গল্প, মুহম্মদ জাফর ইকবালের দলের নাম ব্ল্যাক ড্রাগন, জুলভার্নের ৮০ দিনে বিশ্বভ্রমণ, সৈয়দ নাজিমউদ্দিন হাশেমের গলদা দাদার গোয়েন্দাগিরি, নারীপক্ষের ব্রেস্ট ক্যানসার, কবিতাসংকলন স্পর্শ ছুরি, লুৎফর রহমান রিটনের রসগোল্লাটা কথা বলে, কাইজার চৌধুরীর শোভনের ৭১। এ ছাড়া একই দিনে প্রকাশিত হয়েছে আইরিন সুলতানার সম্পাদনায় অডিও সিডি ‘৭১ দেখব বলে’।
বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে বইগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, কথাসাহিত্যিক কাইজার চৌধুরী, শিশুসাহিত্যিক লুৎফর রহমান রিটন। অনুষ্ঠানে ছিলেন বাংলা একাডেমির পরিচালক শাহিদা খাতুন ও স্পর্শ ব্রেইল প্রকাশনার প্রতিষ্ঠাতা নাজিয়া জেবিন।
প্রধান অতিথি শামসুজ্জামান খান বলেন, ‘আমরা ওয়াদা করছি, এখন থেকে ওদের আর আমরা দৃষ্টিপ্রতিবন্ধী বলব না, ওদের আমরা দৃষ্টিজয়ী বলব।’ তিনি ঘোষণা দেন, আগামী বইমেলা থেকে বাংলা একাডেমি থেকে দুটি বই ব্রেইলে প্রকাশ করা হবে। দৃষ্টিজয়ী শিশুদের পারফরম্যান্স থাকবে আগামী বইমেলার উদ্বোধনীতে—এমনটাও আশা করেন মহাপরিচালক। দৃষ্টিজয়ী শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ নির্মাণ করবে বলে আশা করেন মুহম্মদ জাফর ইকবাল। তিনি ব্রেইল পদ্ধতি নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন। লুৎফর রহমান রিটন বলেন, ‘স্বার্থপরের মতো এত দিন শুধু লিখেছিলাম। আমি আমার একদল বন্ধুর কথা ভুলেই গিয়েছিলাম, ওদের আমরা সাহিত্যরস থেকে বঞ্চিত করেছি। আমি প্রতিবছর একটি বই আমার এই বন্ধুদের জন্য দেব।’ পরে অনুষ্ঠানে ‘দৃষ্টিজয়ী’ শিশুদের মধ্যে ব্রেইল বইগুলো তুলে দেন অনুষ্ঠানে আসা অতিথিরা।
বাংলা একাডেমির গুণীজন স্মৃতি পুরস্কার ঘোষণা
মেলা প্রাঙ্গণে ঘুরলে সব সময় শব্দযন্ত্রে নতুন নতুন বইয়ের নাম ঘোষণা শোনা যায়। গতকাল বিকেল থেকে এমনটাই হচ্ছিল। সন্ধ্যায় হঠাৎ করেই ব্যতিক্রম একটা ঘোষণা আসে—বাংলা একাডেমির গুণীজন স্মৃতি পুরস্কার ঘোষণা।
মেলামঞ্চ থেকে জানানো হয়, ২০১৬ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিকসংখ্যক গ্রন্থ প্রকাশের জন্য জার্নিম্যান বুকসকে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার-২০১৭, ২০১৬ সালে প্রকাশিত গ্রন্থের মধ্যে গুণমান ও শৈল্পিক বিচারে সেরা গ্রন্থের জন্য রফিকুন নবীর দেশসেরা জগৎসেরা শিল্পীকথার জন্য প্রথমা প্রকাশন, পাভেল রহমানের সাংবাদিকতা আমার ক্যামেরায়-এর জন্য মাওলা ব্রাদার্স, রণজিৎ কুমার মণ্ডলের আচার্য প্রফুল্ল চন্দ্র রায়-এর জন্য পুঁথি নিলয়কে মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৭, ২০১৬ সালে প্রকাশিত শিশুতোষ গ্রন্থের মধ্য থেকে গুণমান বিচারে সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য চন্দ্রাবতী একাডেমিকে রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার-২০১৭ এবং ২০১৭ সালের অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে বাতিঘর, সংবেদ ও পাঞ্জেরী পাবলিকেশনস লিমিটেডকে শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৭ প্রদান করা হয়েছে।
বাংলা একাডেমি সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় অমর একুশে গ্রন্থমেলার সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব পুরস্কার পুরস্কারপ্রাপ্তদের হাতে তুলে দেওয়া হবে।
এসেছে আরও নতুন বই
মেলার ২৩তম দিনে গতকাল নতুন বই এসেছে ৭২টি এবং ৩১টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মেলায় প্রথমা প্রকাশন এনেছে মতিউর রহমান সম্পাদিত বাংলাদেশের নায়কেরা: সফলদের স্বপ্নগাথা, রকিব হাসানের গোয়েন্দা কিশোর মুসা রবিন সিরিজের ডাইনির শহর। চন্দ্রবতী একাডেমি এনেছে শামসুজ্জামান খানের কিশোর সমগ্র, অন্যপ্রকাশ এনেছে পূরবী বসুর শামসুদ্দীন আবুল কালাম: তাঁর অপ্রকাশিত চিঠি ও স্মৃতি, সময় প্রকাশন এনেছে ডা. প্রণব কুমার চৌধুরীর শিশুর কোন অসুখে কী করণীয়, পাঞ্জেরী পাবলিকেশন্স এনেছে শাকুর মজিদের জিংহোং ময়ূরের গ্রাম, নবযুগ এনেছে সনজীদা খাতুনের সংস্কৃতির বৃক্ষছায়ায়, সমগ্র প্রকাশন এনেছে মাহফুজ রহমানের পরি আর ভাইরাস, শ্রাবণ এনেছে তসলিমা নাসরীনের সকল গৃহ হারানো যার, বিদ্যাপ্রকাশ এনেছে তাসলিমা জামান পান্নার তুমি কী ফিরবে নন্দিনী ইত্যাদি।
মেলার মঞ্চে অনুষ্ঠিত হয় ‘অনুবাদ সাহিত্য: সাহিত্যের অনুবাদ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আবদুস সেলিম। আলোচনায় অংশগ্রহণ করেন কবি মুহাম্মদ সামাদ, কবি শামীম আজাদ ও সাদাফ্ সায। সভাপতিত্ব করেন অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়েশা ফয়েজ সাহিত্য পুরস্কার ঘোষণা
মেলা প্রাঙ্গণে আরেকটি পুরস্কার ঘোষণার তথ্য জানা গেল কাল। তাম্রলিপি প্রকাশনী প্রদত্ত আয়েশা ফয়েজ সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন দুজন। তাঁরা হলেন শ্বেতা শতাব্দী এষ ও মধুমিতা চক্রবর্তী। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজের নামে গত বছর থেকে এই পুরস্কার প্রবর্তন করা হয়েছে। আগামী মার্চ মাসের যেকোনো সময়ে অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানান তাম্রলিপির স্বত্বাধিকারী এ কে এম তারিকুল ইসলাম।