অন্ধত্ব এড়াতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে
বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন, খাদ্যতালিকা মানা, নিয়মিত ব্যায়াম ও ইনসুলিন গ্রহণ আর নিয়ন্ত্রিত জীবন যাপন করলে একজন ডায়াবেটিসের রোগীও দীর্ঘায়ু লাভ করতে পারে। আর ডায়াবেটিসের কারণে অন্ধত্ব এড়াতে তা নিয়ন্ত্রণে রাখতে হবে।
গতকাল সোমবার সকালে রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালের অডিটোরিয়ামে এক আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে বিশেষজ্ঞ চিকিৎসকেরা এসব কথা বলেন। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গতকাল সোমবার বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এই আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভার সমন্বয়কারী বারডেমের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক মো. ফারুক পাঠান বলেন, ‘জাঙ্ক ফুড বেশি খাওয়া আর কম কায়িক পরিশ্রমের কারণে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে। আমাদের জীবনযাত্রায় পরিবর্তন হচ্ছে। তাই অনেকের ডায়াবেটিসও হচ্ছে।’ ডায়াবেটিস প্রতিরোধে নিয়মিত ব্যায়াম করে ওজন কমানোর পরামর্শ দেন তিনি।
চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক আশরাফ সাঈদ বলেন, ব্লাড সুগার বেড়ে গেলে ডায়াবেটিসের রোগী চোখে ঝাপসা দেখেন। একটা সময় অন্ধ হয়ে যেতে পারেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে এটাও ঠিক হয়ে আসবে। তারপরও দৃষ্টি ঝাপসা থাকলে বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।
আলোচনা সভায় প্রশ্নোত্তর পর্বে বিশেষজ্ঞ চিকিৎসকেরা ডায়াবেটিস রোগীদের নানান জটিলতা ও সমস্যা নিয়ে বিভিন্ন পরামর্শ দেন।
সভায় স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ অধ্যাপক ফেরদৌসী বেগম বলেন, গর্ভবতী মায়ের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে বাচ্চার কোনো সমস্যা হবে না। তবে গর্ভাবস্থার প্রথম তিন মাসে ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করলে বাচ্চা পঙ্গু, ছোট বা বড় হতে পারে।
বারডেমের নবজাতক ও শিশু বিভাগের প্রধান অধ্যাপক নাজমুন নাহার বলেন, বাচ্চাদেরও আজকাল ডায়াবেটিস হচ্ছে। শিশুর ডায়াবেটিসও নিয়ন্ত্রণ করলে সে বড়দের মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। আলোচনা সভায় স্নায়ুরোগ বিশেষজ্ঞ মো. আমিরুল হক, নবজাতক ও শিশু বিশেষজ্ঞ অধ্যাপক সাহিদা আখতার ডায়াবেটিস রোগীদের বিভিন্ন পরামর্শ দেন।