অন্ধত্ব স্বপ্নপূরণে বাধা হয়নি স্বপ্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বপ্না আক্তার
স্বপ্না আক্তার

আঁধার তাঁর চারপাশে। পৃথিবীর রূপ-রস-সৌন্দর্য, চারপাশের চেনা-অচেনা পরিবেশ—সব কিছুই আঁধার তাঁর কাছে। জন্মের পর তাঁর চোখে আলো ফোটেনি। কেউ বলে দৃষ্টিহীন কেউ বলে জন্মান্ধ। শারীরিক অক্ষমতা বেশির ভাগ মানুষের কাছেই বড় প্রতিবন্ধকতা। তবে স্বপ্না আক্তারের কাছে শারীরিক অক্ষমতা মোটেও প্রতিবন্ধকতা নয়। তাঁর মনের আলোর শক্তির কাছে হার মেনেছে দৃষ্টির সীমাবদ্ধতা। সক্ষম অনেক শিক্ষার্থী যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে শুধু মনের জোর, পরিশ্রম, বাধা ডিঙানোর অদম্য মানসিকতা তাঁকে লক্ষ্যপূরণের প্রথম ধাপ পেরোতে সহায়তা করেছে। গতকাল বুধবার প্রকাশ হওয়া এইচএসসি পরীক্ষার ফলে রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ থেকে মানবিক শাখা থেকে জিপিএ-৫ পেয়েছেন স্বপ্না।
রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মাকসুদুর রহমান খান বলেন, শারীরিক প্রতিকূলতা থাকলেও পড়ালেখার প্রতি স্বপ্নার আগ্রহ রয়েছে। সমস্যা হলেও সে নিয়মিত কলেজে উপস্থিত থাকত।
স্বপ্নার বাবা আকবর মোল্লার জীবনের গল্পও স্বাভাবিক, সক্ষম মানুষের নয়। মেয়ের জন্য অনুকরণীর দৃষ্টান্ত হয়ে আছেন তিনি নিজেও। অন্যের মুখাপেক্ষী না থেকে নিজের জন্য, পরিবারের জন্য শারীরিক অক্ষমতাকে (এক হাত ও এক পায়ের স্বাভাবিক কর্মক্ষমতা নেই) জয় করার প্রাণান্তকর লড়াই করে চলেছেন তিনি। পাঁপড় বিক্রি করে কোনো রকমে ছয় সদস্যের পরিবারের হাল টানছেন তিনি। স্বপ্নাদের বাড়ি রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকায়। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড় স্বপ্না।
স্বপ্না বলেন, তাঁর বাবার সামান্য আয়ে ভাইবোনদের সবার পড়লেখার খরচ জোগাড় করা সম্ভব হয় না। এ কারণে তাঁর ছোট বোন গৃহপরিচারিকার কাজ করে। ছোট ভাই প্রাথমিক বিদ্যালয়ে পড়ে ও বাবাকে সাহায্য করে।
স্বপ্না বলেন, এসএসসিতেও তাঁর স্বপ্ন ছিল জিপিএ-৫ পাওয়া। কিন্তু সে ফল অর্জন করা না যাওয়ায় এবার অনেক বেশি পরিশ্রম করেছেন। তিনি বলেন, পড়াশোনা ও ভালো ফলের পেছনে তিনি সবচেয়ে বেশি কৃতজ্ঞ প্রতিবেশী বোরহান উদ্দিন হাওলাদারের কাছে। তিনিও স্বপ্নার মতোই দৃষ্টিহীন। এখন সমাজসেবা কর্মকর্তা। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন সরকারি চাকরি করছেন। পঞ্চম শ্রেণি থেকে তাঁকে উৎসাহ দিয়ে আসছেন তিনি। আর্থিকভাবেও তাঁকে সহযোগিতা করে চলেছেন। মূলত তাঁর চেষ্টার ফলেই এত দূর আসা সম্ভব হয়েছে বলে জানান স্বপ্না। এ ছাড়া কলেজে যাতায়াতের জন্য তাঁর বন্ধু রেবা আক্তারের প্রতিও কৃতজ্ঞতা জানান স্বপ্না।
স্বপ্নার আশা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণের। স্বপ্নপূরণের জন্য তিনি সবার সহযোগিতা চান।