অন্ধবিশ্বাস যেন সৃজনশীলতা রুদ্ধ করতে না পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

অন্ধবিশ্বাস ও মৌলবাদ যেন সৃজনশীলতা রুদ্ধ করতে না পারে, সে ব্যাপারে সচেতন থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ৭০ বছর পূর্তি উৎসবের দ্বিতীয় দিন গতকাল সোমবার তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি বলেন, জীবনের পথ চলতে গিয়ে কেউ যাতে কোনো কিছুর মোহে বা সাময়িক লাভে বিপথগামী না হয়, সে ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অন্ধবিশ্বাস ও মৌলবাদ যেন সৃজনশীলতা রুদ্ধ করতে না পারে, সে ব্যাপারে সব সময় তৎপর থাকতে হবে। শিক্ষাকে মানবকল্যাণে কাজে লাগতে হবে। তিনি বলেন, ‘আকাশ সংস্কৃতি এখন বাস্তবতা। এই বাস্তবতা মেনেই আমাদের এগিয়ে যেতে হবে। এর মধ্য থেকেই ভালোটুকু গ্রহণ ও মন্দকে বর্জন করতে হবে।’
মো. আবদুল হামিদ বলেন, শিক্ষার উদ্দেশ্য শুধু গতানুগতিক শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে সার্টিফিকেট প্রদান করা নয়, বরং তরুণ শিক্ষার্থীদের মাঝে বুদ্ধিবৃত্তিক মুক্তচিন্তা ও প্রগতিশীল দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটিয়ে দেশকে দক্ষ মানবসম্পদ উপহার দেওয়া। মনে রাখতে হবে, শিক্ষা আর অভিজ্ঞতার সমন্বয়েই জীবনে পরিপূর্ণতা আসে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনর্মিলনী উদ্যাপন কমিটির আহ্বায়ক এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফারুকী।
পুনর্মিলনী উদ্যাপন কমিটি সূত্র জানায়, কলেজের ৭০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজিত উৎসবে গতকাল ক্যাম্পাসে সমবেত হয়েছিলেন প্রায় ১৪ হাজার বর্তমান ও সাবেক শিক্ষার্থী। দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা, বেলা তিনটায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, সাবেক শিক্ষক ও শিক্ষার্থীদের স্মৃতিচারণা, সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কলেজ প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বালন, ৬টা ৪৫ মিনিটে আতশবাজি ও ফানুস ওড়ানো এবং রাতে জলের গানের পরিবেশনায় কনসার্ট অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের পর রাতে কনসার্টের মধ্য দিয়ে ভাঙবে মিলনমেলা।