ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেছেন, অন্ধভাবে ভারতের বিরোধিতা করা ও ভারতের প্রতি অন্ধ ভালোবাসা দেখানো—কোনোটাই গ্রহণযোগ্য নয়। দুটিই বাংলাদেশের জন্য ক্ষতিকর। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা হতে হবে যৌক্তিক ও জনস্বার্থ সম্পর্কিত।বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় এমাজউদ্দীন আহমদ এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘প্রধানমন্ত্রীর ভারত সফর—মূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভা হয়। এমাজউদ্দীন আহমদ বলেন, প্রধানমন্ত্রীর করা তিনটি চুক্তির কারণে বাংলাদেশের ১৫ কোটি মানুষ ভারতের নিরাপত্তাবলয়ে চলে যাবে। এতে বাংলাদেশের নিজস্ব কোনো নিরাপত্তা থাকবে না। সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ ‘প্রধানমন্ত্রীর ভারত সফর: বাংলাদেশের প্রাপ্তি নেই’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে ভারতের টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরোধিতা করেছিল। ভারত থেকে বিদ্যুত্ আমদানির সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি বলেন, ভারত নিজেই জ্বালানি বুভুক্ষু দেশ। ২০১০ সালের ভারতের বিদ্যুত্ ঘাটতি হবে ২০ হাজার মেগাওয়াট। এত বিদ্যুত্ ঘাটতি নিয়ে ভারত কীভাবে বাংলাদেশে বিদ্যুত্ রপ্তানি করবে? সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ফরহাদ মজহার। অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব আমিনুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আমিনুর রহমান মজুমদার, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রধান সমন্বয়কারী মো. সেলিম ভূঁইয়া, বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে এম আজিজুল হক আলোচনায় অংশ নেন।